করোনা টিকার নিবন্ধনে সুরক্ষা অ্যাপসে যুক্ত শিক্ষক ক্যাটাগরি
এফএনএস : করোনা টিকার নিবন্ধনে সুরক্ষা অ্যাপসে ‘শিক্ষক’ ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে বিভিন্ন ক্যাটাগরির পাশাপাশি শিক্ষক ক্যাটাগরিতেও নিবন্ধন করা যাচ্ছে। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষকরা। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ সামসুদ্দিন মাসুদ বলেন, গত মঙ্গলবার থেকে শিক্ষক ক্যাটাগরিতে নিবন্ধন করা সম্ভব হচ্ছে। তবে যাদের বয়স ৪০ এর কম তারা এখনও নিবন্ধন করতে পারছেন না। সব শিক্ষকদের টিকার আওতায় নিয়ে আসার জন্য তিনি সরকারের কাছে দাবি জানান।
তিনি বলেন, আমরা শ্রেণিকক্ষে যেতে প্রস্তুত। তবে তার আগে যদি করোনার টিকা দেয়া হয়, তবে সবাই সুরক্ষিত হয়ে ক্লাসে ফিরতে পারব। এজন্য তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্যোগ নেয়ার জন্য আহ্বান জানান। প্রাথমিক ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সব শিক্ষকদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র অফিসে পাঠাতে বলা হয়েছে। তাদের এসব তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো হলে সে যে বয়সী হউক করোনা নিবন্ধন করতে পারবেন।
শিক্ষকরা বলছেন, টিকাগ্রহণে শিক্ষকরাও অগ্রাধিকার তালিকায় রয়েছেন বলে এতদিন বিভিন্ন মন্ত্রীরা বলে আসছিলেন। তবে নিবন্ধনের ক্ষেত্রে এ অগ্রাধিকারের কোনো সুযোগ ছিল না। এখন শিক্ষক ক্যাটাগরি যুক্ত হলেও সুরক্ষা লিংকে ঢুকে ৪০ বছরের কম বয়সী শিক্ষকরা রেজিস্ট্রেশন করতে পারছেন না। জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর থেকে সব শিক্ষকদের তথ্য সংগ্রহ করছে।
