সম্প্রতি ভারত থেকে অবৈধভাবে বাংলা ভাষাভাষি লোকজনকে বাংলাদেশে ‘পুশইন’ করার ঘটনায় দেশ ব্যাপি উদ্ধেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভারত সীমান্ত লাগোয়া কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছে বিজিবি। গত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) জানায়, সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ পুশইনের ঘটনার পরিপ্রেক্ষিতে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় নিরাপত্তা জোড়দার করা হয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তজুড়ে নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। বিজিবি জানায়, সীমান্তের প্রতিটি বিওপি (বর্ডার আউটপোস্ট) থেকে নিয়মিত টহলের পাশাপাশি দিন-রাত বিশেষ কৌশলগত টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে অবৈধ পুশইন প্রতিরোধে বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে যৌথ টহল, গোয়েন্দা নজরদারি এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্ভূত যেকোনো পরিস্থিতি পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বিজিবি। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দৃঢ় অবস্থানে রয়েছে। কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ মাহবুব-উল-হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সীমান্তবর্তী জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হলে দ্রুত বিজিবিকে অবহিত করার অনুরোধ করা হয়েছে।
এদিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্তে প্রায় ৪৮ ঘণ্টা পর শূন্যরেখায় অবস্থানরত অন্তঃসত্ত্বা নারী ও শিশুসহ ১১ জনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। বিজিবি জানায়, গত রোববার রাত আনুমানিক ৩টার পর বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত তিন জন পুরুষ, চার জন নারী ও চার জন শিশুসহ মোট ১১ জনকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ফলে বর্তমানে তারা আর সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন না। এর আগে শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে বিএসএফের পুশইনের চেষ্টার পর ওই ১১ জন মশালগাঁও সীমান্তের শূন্যরেখায় কয়েকদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী ও কয়েকজন শিশু থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

পোরশা : পোরশা সংবাদদাতা জানান, নওগাঁর পোরশা সীমান্তেÍ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে বাংলাদেশে অনুপ্রবেশের (পুশইন) চেষ্টা পণ্ড করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় এলাকাবাসী। গত রোববার (৭ জুন) রাতে উপজেলার নিতপুর সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধার পর থেকে গভীর রাত পর্যন্ত পোরশা সীমান্তের নিতপুর এলাকা দিয়ে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি টের পেরে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা সীমান্তে শক্ত অবস্থান নেন। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারাও লাঠিসোটা নিয়ে বিজিবির সঙ্গে যোগ দেন। বাড়তি নিরাপত্তার জন্য সেখানে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছিল। বিজিবি, আনসার ও এলাকাবাসীর অনড় অবস্থানের মুখে বিএসএফ অনেক চেষ্টার পরে পিছু হটতে বাধ্য হয়। ১৬বিজিবি’র নিতপুর ক্যাম্পের নায়েব সুবেদার আমির হোসেন জানান, ঘটনার দিন সন্ধার পর থেকে ১৫-২০জন ভারতীয় নাগরিকদের নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল বিএসএফ। আমরা বিজিবিসহ স্থানীয় জনসাধারন শক্ত অবস্থানে থাকায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। বর্তমানে সীমান্তের অবস্থা স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।-এফএনএস