সময় রেখে দরপত্র দাখিলের সময়সীমা নির্ধারণে প্রজ্ঞাপন
এফএনএস : পর্যাপ্ত সময় রেখে দরপত্র দাখিলের সময়সীমা নির্ধারণে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারি এ প্রজ্ঞাপন জারি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)। আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী রাষ্ট্রপতির আদেশক্রমে এ পরিপত্র জারি করেন। গতকাল বুধবার এ বিষয়ে তিনি বলেন, সরকারি ক্রয় কাজে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে এটা সকল ক্রয়কারী প্রতিষ্ঠানকে আমরা জানিয়ে দিলাম।
যেমন চিন্তা করতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কি না, দূর-দূরান্তে থাকি কি না, বিদ্যুতের বাইরে থাকি কি না। কেউ যেন সময়ের সংকীর্ণতার কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা থেকে বঞ্চিত না হয়। প্রজ্ঞাপনে এ বিষয়ে বলা হয়েছে, দরপত্র দাখিলের সময়সীমা এমনভাবে নির্ধারণ করিতে হবে, যাহাতে সম্ভাব্য সকল দরপত্রদাতার নিকট দরপত্র দাখিলের আহ্বান পৌঁছায় এবং তাহারা দরপত্র প্রস্তুত ও দাখিলের জন্য পর্যাপ্ত সময় পায় এবং পুনরায় দরপত্র আহ্বান করিবার ক্ষেত্রে তফসিল-২ এ বর্ণিত নূন্যতম সময় প্রদান করিতে হইবে।
তবে শর্ত থাকে যে, সরকার, আইন এর ধারা ৬৮ এ বর্ণিত রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে বা বিপর্যয়কর কোনো ঘটনা মোকাবিলার জন্য ক্রয়ের ক্ষেত্রে জনস্বার্থে সরকার কর্তৃক গঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশক্রমে ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাস করিতে পারিবে, বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
