স্থগিত হওয়া রাজশাহী চেম্বারের নির্বাচন কবে?
শাহানুর রহমান রানা : রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র ২০২৬-২৮ মেয়াদের পরিচালনা পর্ষদের সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক পদের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল গত ১৫ জানুয়ারি’২০২৬ ইং তারিখে। সেনুযায়ি সকল প্রকার দাপ্তরিক প্রস্তুতি সম্পন্নসহ প্রার্থীদের নির্বাচনী প্রচার-প্রচারণা ও ডামাডোলে পরিপূর্ণ ছিল নগরীর ব্যবসায়িক মহলে। নির্বাচনকে ঘিরে আনন্দ উৎসব আর উদ্দীপনা যখন নদীর কিনারাই অপেক্ষা করছিল; ঠিক সেসময়ই তীরে এস ডুবলো তরি। থেমে গেলো নির্বাচনী ডামাডোল। শুরু হলো অপেক্ষার প্রহর। কবে হবে পুনঃতফশীল ঘোষণা; কবেইবা হবে নির্বাচন? সুষ্ঠু-অবাধ ও নিরপেক্ষ হবেতো নির্বাচন; নাকি কোন এক বলয়ে গ্রাস হবে সেটি? এমন শঙ্কা এখন অনেকের মাঝেই দানা বাঁধছে। তবে, গত ১৩ জানুয়ারি রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নিজস্ব ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকায় ‘নির্বাচন সাময়িক স্থগিতের বিজ্ঞপ্তি’ প্রকাশের পর একাধিক সভাপতি ও পরিচালক প্রার্থীরা নিজেদের দাবি ও মন্তব্যে জানিয়েছিলেন যে, পুণঃতফশীল ঘোষণাপূর্বক আগামী ১৮ জানুয়ারির মধ্যেই কর্তৃপক্ষকে নির্বাচন সম্পন্ন করতে হবে। কিন্তু সেই দাবি ও মন্তব্যের বিপরীতে চেম্বার অব কর্মাসের দ্বি-বার্ষিক নির্বাচনের বিষয়ে এখনো দাপ্তরিকভাবে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানায় চেম্বার সূত্র।
এই নির্বাচনকে ঘিরে কয়েকমাস আগে নতুন সদস্য পদ ও সদস্য অন্তর্ভূক্তি নিয়ে সৃষ্টি হয়েছিল হট্টগোল। অবশেষে নানা ঝক্কিঝামেলা পেরিয়ে ২ হাজার ৯০০ জন ভোটার ও ৪৪ জন প্রার্থীর নির্বাচন কেন্দ্রিক চুড়ান্ত তালিকা প্রকাশসহ নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ হয়। পরিচালক পদের বিপরীতে লড়াই করার প্রস্তুতি নিয়েছিলেন ৩৭ জন। সভাপতি পদের বিপরীতে দুই প্যানেল থেকে একজন করে স্বতন্ত্র মিলে মোট তিনজন প্রার্থী ভোটযুদ্ধে নামার প্রস্তুতি নিয়েছিলেন। অন্যদিকে, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদের বিপরীতে দুজন করে ছিলেন পদপ্রার্থী। সর্বশেষ ২০২৪-২৬ মেয়াদে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বিজয়ীরা পরবর্তী দুই বছরের জন্য পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণের শপথ নিয়েছিলেন গত ২১-০১-২০২৪ তারিখে। নতুন করে নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নিয়মানুযায়ী দায়িত্ব পালন করছেন পূর্ববর্তীরাই।
গত ২২ নভেম্বর’২০২৫ তারিখে নির্বাচন বোর্ড কর্তৃক প্রাথমিক ও চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। গত ০৮-১-২০২৬ তারিখে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১০ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও ১৫ জানুয়ারি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণসহ অন্যান্য সকল প্রস্তুতি সম্পন্ন শেষ হলেও অবশেষে ঘোষিত সময়ানুযায়ী অনুষ্ঠিত হয়নি কাঙ্খিত সেই নির্বাচন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক। উক্ত নির্বাচন বোর্ডের সদস্য হিসেবে ছিলেন সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহান উদ্দিন অন্তর ও চেম্বার অব কমার্সের সচিব মুয়াক্ষেরুল হুদা।
নির্বাচন অনুষ্ঠিত হবার দুদিন আগে গত ১৩ জানুয়ারি ‘রাজ/চেম্বার/নির্বাচন (২৬-২৮)/২০২৬-৬৫নং স্মারকনুযায়ী রাজশাহী চেম্বারের নির্বাচন সাময়িক স্থগিত ঘোষণাপূর্বক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। সেখানে বলা হয় ‘আগামী ১৫-০১-২০২৬ খ্রি. তারিখে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়কালীন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোন পেশাজীবি সংগঠন বা অন্য কোন সংগঠনের নির্বাচন আয়োজন না করা সম্পর্কে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক স্মারক নম্বর ১৭,০০,০০০০.০৩৪, ৩৬.০১৭.২৫-২৬ তারিখঃ ১২-০১-২০২৬ পত্রের নির্দেশনা মোতাবেক রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৬-২০২৮ দ্বি-বার্ষিক মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচন সাময়িক সময় এর জন্য স্থগিত ঘোষণা করা হলো। পরবর্তীতে সংশোধিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ব্যবসায়ীরা দু’টি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচন করলেও সভাপতি পদে রয়েছেন একজন স্বতন্ত্রপ্রার্থী। দু’টি প্যানেলের মধ্যে ‘ক’ প্যানেল রয়েছে-সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ রাজশাহী-এর খোকন-শান্ত-প্রিন্স ও ‘খ’ প্যানেলে রয়েছে হাসেন আলী সমর্থিত ব্যবসায়ী পরিষদ। ‘ক’ প্যানেলে সভাপতি পদে খন্দকার মিজানুর রহমান এবং ‘খ’ প্যানেল থেকে সভাপতি পদে লড়বেন হাসেন আলী। স্বতন্ত্র সভাপতি প্রার্থী হিসেবে লড়বেন আব্দুল আওয়াল খান চৌধুরী জ্যোতি।
জানতে চাইলে, নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আরিফ হোসেন (সহকারী কমিশনার-ভূমি, বোয়ালিয়া থানা ভূমি অফিস) বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে আসা নির্দেশনার প্রেক্ষিতে চেম্বার অব কর্মাসের দ্বি-বার্ষিক নির্বাচন সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছিল। নির্বাচন পরবর্তী সময়ের প্রথম কর্মদিবস ছিল রবিবার (১৫ ফেব্রুয়ারি); তাই স্বাভাবিক কারণেই জেলা প্রশাসন কার্যালয়সহ অন্যান্য সরকারি অফিসগুলোতেও সকলেই ছিলেন চরম ব্যস্ত। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক স্যারের সাথে আলোচনা সাপেক্ষে নির্বাচনের পরবর্তী দিনক্ষণ নির্ধারণ করা হবে। প্রার্থীরা এই নির্বাচনের দিনক্ষণ নিয়ে আপনার সাথে কোন যোগাযোগ করেছে কিনা জানতে চাইলে তিঁনি বলেন, না, এ বিষয়ে উনারা তেমন কোন আলাপ করেনি; তবে তারা যোগাযোগ রেখেছেন।
নির্বাচনের দিনক্ষণ বিষয়ে চেম্বার অব কমার্সের সচিব মুয়াক্ষেরুল হুদা বলেন, বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। পূর্ববর্তী কমিটির মেয়াদ আরো তিনমাস বৃদ্ধি করা হয়েছে বলেও জানান তিনি। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ২০-০১-২০২৬ ইং তারিখে। পূর্ববর্তী কমিটির অনেকেই জুলাই-আগস্ট হত্যা মামলার আসামী হবার কারণে পলাতক থাকলেও ঐকমিটির মেয়াদ ৯০ দিন বৃদ্ধি করা হয়েছে। নির্বাচনের নতুন তারিখ সম্পর্কে জানতে চাইলে সেই কমিটির সভাপতি মাসুদুর রহমান রিংকু বলেন, কর্তৃপক্ষ আগের কমিটির মেয়াদ তিন মাস বৃদ্ধি করার কারণে আগামী এপ্রিল মাসের ২০ তারিখে মধ্যেই নির্বাচনপূর্বক নতুন কমিটির কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করবো। নিয়মানুযায়ী বর্ধিত ৯০ দিনের মধ্যে ৭৫ কর্ম দিবস শেষ হবার পরবর্তী ১৫ দিনের মধ্যে যেকোন দিন নির্বাচিত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হয়। নিয়মানুযায়ী আমি সেটা করতে বাধ্য।
জানতে চাইলে সভাপতি পদপ্রার্থী হাসেন আলী দৈনিক আমাদের রাজশাহীকে বলেন, পূর্ববর্তী কমিটির মেয়াদ তিন মাস বৃদ্ধি করা হলেও এর আগেই আমরা নির্বাচন চাই। অন্যদিকে, আরেক সভাপতি প্রার্থী খন্দকার মিজানুর রহমান খোকন বলেন, আমি ঢাকাতে আছি। রাজশাহীতে ফেরার পর সাময়িক স্থগিত থাকা নির্বাচন নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বললো। এদিকে, নাম প্রকাশ না করার শর্তে একাধিক পরিচালক পদপ্রার্থী নির্ভাচন সংক্রান্ত বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, নির্বাচনের তফশীল ঘোষণা হবার পর কিভাবে মেয়াদোত্তীর্ণ কমিটির মেয়াদ তিনমাস বৃদ্ধি করা হলো। এটা অগণতান্ত্রিক। জেলা প্রশাসক কার্যালয়ের কোন কর্মকর্তাকে আপাতত দায়িত্ব দেয়া লাগতো। আমার এই দীর্ঘসময় অপেক্ষা করবোনা। যতদ্রুত সম্ভব নির্বাচন দিয়ে নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করাটাই সমুচিত হবে।
