বাগমারায় একক ওয়ারিশ সেজে কুশিয়ারা সূত্রে লিজ গ্রহণের চেষ্টার অভিযোগ
স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারায় একক ওয়ারিশ সেজে অপর শরিকদের গোপন রেখে কুশিয়ারা সূত্রে লিজ গ্রহণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনা ও বাগমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আউচপাড়া ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে একটি সরকারি ৪.১৩ একর দিঘী রয়েছে। ওই দিঘীতে মৃত ইব্রাহিম সরদার গংদের জমিজমা রয়েছে। সকল ওয়ারিশগণের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর কুশিয়ারা সূত্রে লিজের আবেদন করেন মৃত ইব্রাহিম সরদারের বড় ছেলে ইসাহাক আলী।
অভিযোগে উল্লেখ ইসাহাক আলী অন্য শরিকদের সাথে কোন রকম আলোচনা ছাড়াই সকল ওয়ারিশের পক্ষে প্রতারণার মাধ্যমে আবেদন করেন। ইসাহাক আলীর মা সুফিয়া বেওয়া অভিযোগপত্রে আরও উল্লেখ করেন, আমার বড় সন্তান পূর্বে আমাকেসহ অন্য সন্তানদের ঠকিয়েছে। ইসাহাককে একক ভাবে লিজ প্রদান করলে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্ভাবনা রয়েছে। মা সুফিয়া বেওয়া তদন্ত সাফেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
