কলেজ ছাত্র শুভ হত্যার বিচারের দাবীতে বাগমারায় গ্রামের বাড়িতে মানববন্ধন
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহী কলেজের মাস্টার্সে অধ্যয়নরত ২৫ বছর বয়সী শাহিন আলম শুভর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার সহ ফাঁসির দাবিতে তার গ্রামের বাড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪ টায় বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার নুরপুর গ্রামে নিহত শাহিন আলম শুভর পরিবারের লোকজন, সহপাঠি, এলাকাবাসী সহ সর্বস্তরের লোকজন মানববন্ধন করেন। দ্রুত হত্যার কারণ অনুসন্ধান সহ এর সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি জানান মানববন্ধনের মাধ্যমে। প্রায় দেড় ঘন্টা ব্যাপি লোকজন মানববন্ধন করেন।
এতে বক্তব্য রাখেন, নিহত শাহিন আলম শুভর পিতা মাহাবুবুর রহমান, ছোট বোন মমো, এলাকাবাসী আসাদুজ্জামান আসাদ, জাহিদ আকরাম, সহপাঠি রিফাত সহ অনেকে। উল্লেখ শাহিন আলম শুভ পড়ালেখার পাশাপাশি রাজশাহী মহানগরীর নিউমার্কেট এলাকায় অবস্থিত হাইডআউট নামক একটি রেস্তোরায় শেফ হিসেবে চাকরি করতেন দরিদ্র কৃষক পরিবারের সন্তান শুভ। স্বপ্ন ছিলো পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরি করবেন। ছোট্ট বোনটাকেও পড়ালেখা করাবেন।
দরিদ্র কৃষক পিতার দুঃখ লাঘব করতে ধীরে ধীরে সংসারের হাল ধরতে শুরু করেছিলো শুভ। কিন্তু ৪ ডিসেম্বর ২০২০ তারিখে হঠাৎ নিভে গেলো স্বপ্নবাজ এই যুবকের জীবন প্রদীপ। নিভে গেলো নাকি নিভিয়ে দেয়া হলো সেটা নিয়ে রয়ে গেলো প্রশ্ন।
