২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী বিভাগে ১০৬৯টি কেন্দ্রে আশার প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী বিভাগে ১০৬৯টি কেন্দ্রে আশার প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার সাংবাদিকদের সঙ্গে দেশের শীর্ষ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ‘আশা’র সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (0৬ নভেম্বর) সকালে রাজশাহী শহরের শালবাগান, সপুরা এলাকার জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সিনিয়র সহকারী কমিশনার (এসএ শাখা ও মিডিয়া সেল) এম রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আব্দুল আউয়াল এবং আশার ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম), সোহায়েল আহমেদ। সভায় সভাপতিত্ব করেন আশার রাজশাহী ডিভিশন ম্যানেজার রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন আশার সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার, ইউনুচ আলী শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার, মুজাহিদ হোসেন, অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার শরিফুল ইসলাম, আশার সিডিএম আব্দুল লতিফসহ অন্যান্য কর্মকর্তা।
সভায় বক্তারা বলেন, আশা বিশ্বের অন্যতম শীর্ষ আত্মনির্ভর ও স্ব-অর্থায়িত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, যা চার দশকেরও বেশি সময় ধরে সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, নারীর ক্ষমতায়নসহ নানা সামাজিক উদ্যোগে ভূমিকা রেখে চলেছে। আশার বিশেষত্ব হলো- এটি সম্পূর্ণ অনুদানমুক্ত, নিজস্ব সম্পদনির্ভর, স্ব-অর্থায়িত এবং ব্যয় সাশ্রয়ী ব্যবস্থাপনায় পরিচালিত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম বর্তমানে শতভাগ ডিজিটাল, এবং ২০২৩ সালের ডিসেম্বর থেকে আশার কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের ৩০৭৩টি ব্রাঞ্চ অনলাইনে কার্যক্রম পরিচালনা করছে। দেশব্যাপী ৭১ লাখ পরিবার আশার সেবা ভোগ করছে। ক্ষুদ্রঋণ, এমএসএমই ঋণ, কৃষি ঋণ, সঞ্চয়, রেমিট্যান্সসহ বিভিন্ন আর্থিক সেবার পাশাপাশি আশা সামাজিক দায়বদ্ধতা (ঈঝজ) কার্যক্রমের আওতায় প্রাথমিক ও উচ্চশিক্ষা বৃত্তি, ফিজিওথেরাপি সেবা, প্রাথমিক স্বাস্থ্য সহায়তা, শীতবস্ত্র বিতরণ এবং স্যানিটেশন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। করোনাকালে প্রতিষ্ঠানটি ১ হাজার কোটি টাকার সার্ভিস চার্জ মওকুফ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করে। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি, ঋণগ্রহীতার মৃত্যুকালে ঋণ মওকুফসহ দাফন-কাফনে ৫০০০ টাকা এবং বয়সজনিত কারণে সদস্যদের এককালীন ১৫,০০০ টাকার অবসরভাতা প্রদান করে আসছে।
২০২৪-২৫ অর্থবছরে আশা-রাজশাহী বিভাগে ২২৬টি ব্রাঞ্চের মাধ্যমে ৬.৮০ লক্ষাধিক ঋণগ্রহীতাকে ৪,২৮৭ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রারও বেশি। চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৪,৪৮০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে ১০৬৯টি কেন্দ্রে ৩৫,৬৫৬ জন শিক্ষার্থীকে নিয়ে আশা প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। একই সময়ে স্যানিটেশন ঋণ পেয়েছেন ৫,০৪৯ জন (৮.৮৭ কোটি টাকা)। ৫টি স্বাস্থ্যকেন্দ্র থেকে ১,২৩,৪২০ জন এবং ২টি ফিজিওথেরাপি সেন্টার থেকে ১০,৪৬৩ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। ২০২৪-২৫ অর্থবছরে রাজশাহী জেলায় ৭৫টি ব্রাঞ্চের মাধ্যমে ১,২৭৭.৮৩ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়, যা লক্ষ্যমাত্রার তুলনায় বেশি। চলতি অর্থবছরে (২০২৫-২৬) ১,৪৯২ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রাজশাহী জেলায় বর্তমানে ৩৪৫টি কেন্দ্রে ১১,২২৩ জন শিক্ষার্থী নিয়ে প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র হিসেবে ৪০০টি কম্বল বিতরণ করা হয়। এছাড়াও, আশা প্রতিনিধিগণ সরকারি বিভিন্ন দিবসের কর্মসূচিতেও নিয়মিত অংশগ্রহণ করে থাকেন। সভায় বক্তারা আশা’র সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি ও সমাজ উন্নয়নে আশা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন