২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চারঘাটে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১ নভেম্বর ২০২৫, ৮:৪১ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
চারঘাটে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
বিজ্ঞাপন

চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীর তীব্র ভাঙনে প্রতিদিনই বিলীন হচ্ছে বসতি বাড়ি, ফসলি জমি, স্কুল, মসজিদ মাদ্রাসাসহ গ্রামের পর গ্রাম। এ অবস্থায় ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে শনিবার(০১ নভেম্বর) সকালে উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে মানববন্ধন করেছেন পদ্মা পাড়ের কয়েক হাজার বাসিন্দা। নদী ভাঙন কবলিত গ্রামবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ।
মানববন্ধনে উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, যুগ্ন-সম্পাদক আব্দুস সালেক আদিল, সাংগঠনিক সম্পাদক মাহাবুব রহমান, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাব্বির রহমান মুকুট, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমগীর হোসেন, স্থানীয় শিক্ষক মনিরুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহীনসহ ভাঙন কবলিত এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
স্থানীয় উত্তর মেরামতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম বলেন, চারঘাটের পিরোজপুর, গোপালপুর, চন্দনশহর, সাহাপুর ও বাঘার চক রাজাপুর গ্রামের হাজার হাজার মানুষ পদ্মার অব্যাহত ভাঙনের কারণে চরম ক্ষতির শিকার হচ্ছেন। তিনটি প্রাথমিক বিদ্যালয় ভাঙন থেকে মাত্র ২০ মিটার দূরে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুলে যেতেও ভয় পাচ্ছে। সাতটি মসজিদ ও শত শত বাড়ি ভাঙন থেকে কয়েক হাত দুরে অবস্থান করছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে সবই নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল বলেন, বিগত সরকারের জনপ্রতিনিধিরা শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে গেছে। পদ্মা পাড়ের বাসিন্দাদের রক্ষায় কোনো কাজ তো করেইনি উল্টো বালু তুলে ভাঙন আরো তরান্বিত করেছে। পানি উন্নয়ন বোর্ডও নানা টালবাহানা করে সময় পার করছে। এ অবস্থায় হাজারো মানুষ অসহায় জীবনযাপন করছে। এজন্য আমরা উপজেলা বিএনপি নদীর স্থায়ী বাঁধ না হওয়া পর্যন্ত ভুক্তভোগীদের পাশে থেকে দাবি আদায় করে তবেই ঘরে ফিরবো। আগামীতে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে। রাজশাহী জেলা বিএনপির আহবায়ক পানি উন্নয়ন বোর্ডকে সতর্ক করে বলেন, আমার নদী পাড়ের মানুষ ভাঙনের কবলে পড়ে এলাকা ছাড়া হবে, নির্ঘুম রাত পার করবে আর আপনারা আরামে অফিস করবেন তা হবে না। চারঘাটের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে জিতে এসেছে। স্থায়ী বাঁধ যদি নির্মাণ শুরু না হয় তবে পাউবোর কাঁপুনি শুরু হবে চারঘাটের মাটি থেকেই। এরপর ট্রাকে করে হাজার হাজার মানুষ নিয়ে পাউবোর অফিস ঘেরাও করে হবে। কাউকে অফিস করতে দেওয়া হবেনা।
পানিসম্পদ উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি তো রাজশাহীতে এসে বক্তব্য রেখে গেলেন। কিন্তু কোনো কাজ তো হচ্ছেনা। কাজ শুরু করার ব্যবস্থা করেন। আপনি দায়িত্ব পালন করেন, আর যদি না পারেন তাহলে আরেকজনকে দায়িত্ব দিয়ে আপনি পদত্যাগ করেন। ভাঙনের কবলে পড়ে চক রাজাপুর ইউনিয়নের মানুষের ঘর-বাড়ি নাই, তারা তাবুর নিচে বসবাস করছেন। কোনো সভ্য দেশে এটা হতে পারেনা। অভিযোগের রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুর রহমান অঙ্কুর বলেন, মানববন্ধনে যেসব এলাকার কথা উল্লেখ করা হয়েছে তা ইতিমধ্যে পরিদর্শন করে একটি প্রকল্প পানিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন হলে বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। আমরা গুরুত্বের সাথে বিষয়টি দেখছি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন