২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পবায় হোমিওপ্যাথির আড়ালে অ্যালকোহল বিক্রির দায়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ৯:০৭ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
পবায় হোমিওপ্যাথির আড়ালে অ্যালকোহল বিক্রির দায়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবায় হোমিওপ্যাথিক ওষুধের আড়ালে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত মাদক বিক্রির অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তাদের কাছ থেকে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহল, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব–৫, সিপিএসসি’র একটি অভিযানিক দল জানতে পারে যে রাজশাহীর পবা থানাধীন কয়ড়া এলাকায় কিছু ব্যক্তি নিয়মিতভাবে হোমিওপ্যাথিক ওষুধের নামে শতকরা ৯০ ভাগ অ্যালকোহলযুক্ত অবৈধ মাদক বিক্রি করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ ও অনুসরণ শুরু করে। পরবর্তীতে রোববার রাত সাড়ে বারোটার দিকে র‌্যাব-৫ এর সদস্যরা পবা থানার কয়ড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন— মো. কোরবান আলী (৪০) ও মোকছেদ (৫৫)। দুজনের বাড়ি পবা উপজেলায়।
অভিযানে ওষুধের বাক্সে লুকানো কার্টুন তল্লাশি করে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহল (মোট ১০ দশমিক ৮ লিটার), একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও একটি সিমকার্ড উদ্ধার করা হয়। র‌্যাব সূত্রে জানা গেছে, ধৃত আসামিদ্বয় দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথিক ওষুধ বিক্রির আড়ালে অধিক মুনাফার আশায় এই প্রাণঘাতী অ্যালকোহল রাজশাহী জেলা ও মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও যুব সমাজের কাছে বিক্রি করে আসছিল। র‌্যাব জানায়, এ ধরনের অ্যালকোহলযুক্ত মাদক সেবনের কারণে সম্প্রতি রাজশাহীর বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনাও ঘটেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন