রাজশাহীর হেতেমখাঁয় অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিতে কমিটি গঠন
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর হেতেমখাঁ এলাকার কারিগরপাড়ায় সাম্প্রতিক সময়ে চুরি, ছিনতাই ও মাদক সমস্যা বেড়ে যাওয়ায় এলাকার সার্বিক নিরাপত্তা জোরদারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্যোগে একটি ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) বিকাল ৫টায় হেতেমখাঁ কারিগরপাড়ায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ—মোঃ রহমত আলী, মোঃ মিন্টু, মোঃ আমির আকমাল, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ টিপু, মোঃ নাদিম, মোঃ দুলাল, মোঃ বাবুল, মোঃ আজিজুল আলম, মোঃ মোয়াজ্জেম, মোঃ রেজাউল, মোঃ আশরাফুল, মোঃ সাদ্দাম, মোঃ সুমেল, মোঃ গিনি ও মোঃ আলিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উপস্থিত সবার সমর্থনের ভিত্তিতে মোঃ মোয়াজ্জেম হোসেনকে আহ্বায়ক এবং মোঃ এম নাঈম (পিয়ার)-কে সদস্য সচিব করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—মোঃ তাপু, মোঃ রেজাউল ইসলাম, মোঃ বাবুল হোসেন, মোঃ আশরাফুল হোসেন, মোঃ রেজাউল করিম, মোঃ সাদ্দাম খান, মোঃ সাকিল, মোঃ সোহাগ ও মোঃ সুইট। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, এলাকার চুরি, ছিনতাই ও মাদক ব্যবসা প্রতিরোধে নাগরিকদের সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি কিশোর গ্যাং কার্যক্রম চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ব্যবস্থা নেওয়া হবে। এলাকার নিরাপত্তা জোরদারে দ্রুত নাইট গার্ড নিয়োগ ও নিয়মিত পাহারার ব্যবস্থা করার সিদ্ধান্তও গৃহীত হয়। কমিটির আহ্বায়ক মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, “আমরা চাই কারিগরপাড়াকে একটি নিরাপদ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” সদস্য সচিব মোঃ এম নাঈম (পিয়ার) জানান, “তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করতে খেলাধুলা ও সাংস্কৃতিক উদ্যোগ নেওয়া হবে।” সভা শেষে উপস্থিত সবাই একমত হন যে, অপরাধ, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধই হেতেমখাঁ কারিগরপাড়াকে আবারও শান্তিপূর্ণ মহল্লায় রূপান্তরিত করতে সহায়ক হবে।
