শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : মিনু
স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনু বলেছেন, এ বছর অত্যন্ত সুন্দরভাবে পূজা উদযাপিত হচ্ছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় এবার আরো শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হচ্ছে। হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের অন্যতম উৎসব শারদীয় দুর্গোৎসব। রাজশাহীতে আগে থেকেই সকল ধর্মের মানুষের সহাবস্থান রয়েছে, ভবিষ্যতেও থাকবে। গতকাল মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মিনু আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা যাতে ভালোভাবে পূজা উদযাপিত হয় সেই জন্য মাঠে কাজ করছে। এ দেশ আমাদের সবার। সবাই নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করবে। এতে আমাদের সবার সহযোগিতা থাকবে। হিন্দু ধর্মালম্বী ভাইবোনদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা রইল। বাংলাদেশের হিন্দু ধর্মালম্বী ভাইবোনেরা সুষ্ঠভাবে পূজা উদযাপন করতে পারছে। ভবিষ্যতে এই পরিবেশ আরো ভালো হবে। এরপর তিনি নেতাকর্মীদের নিয়ে নগরের কাজিহাটা এলাকার কালি মন্দির, হরিজন পল্লীর পূজামন্ডপসহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পূজামন্ডপ পরিদর্শনের সময় তিনি, হিন্দু ধর্মালম্বীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন এবং শারদীয় শুভেচ্ছা জানান। আরো উপস্থিত ছিলেন, বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আসলাম সরকার, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, সাবেক যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, হরিজন পল্লীর শিব মন্দির কমিটির সভাপতি শ্রী কৃষ্ণ হেলা, সাধারণ সম্পাদক সানু লাল হেলাসহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা বলেন, এবার আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করছি। কোনো সমস্যা নেই। সবাই উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে। কোনো সমস্যা নেই। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
