মোহনপুরে আলোচিত মেধাবী শিক্ষার্থী সাফিউলের খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন
সাবাইহাট থেকে প্রতিনিধি : রাজশাহীর মোহনপুরে মাস্টার্স শেষবর্ষের মেধাবী শিক্ষার্থী আলোচিত সাফিউল ইসলাম হত্যার প্রতিবাদে খুনিদের ফাঁসির দাবীতে মানববন্ধন করা হয়েছে। সাফিউল উপজেলার রায়ঘাটি ইউনিয়নের টাঙ্গণ কামারপাড়া গ্রামের সাইদুল ইসলামের পুত্র। গতকাল শনিবার বেলা সাড়ে এগারো ঘটিকার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কামারপাড়া বাজারে সফিউলের স্বজন, সহপাঠী, এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন করা হয়। রায়ঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান উসমান গনি, সদের আলী প্রাং, সাবেক মহিলা সদস্য মরিয়ম বেগম, আবুল হোসেন, তোফাজ্জল হোসেন, সাফিউলের চাচা টিপু সুুলতান, বাবা সাইদুল ইসলাম, মা সেফালী বেগম, সহপাঠী উত্তম কুমার প্রমুখ।
মানববন্ধন থেকে বক্তারা উল্লেখ করেন বারিক চারটি খুনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত। বারিক পার্শবর্তী মান্দা উপজেলার বাথইল গ্রামের মৃত সিয়াউস মোল্লার ছেলে। পেশায় কাঠ মিস্ত্রী। বর্তমানে তৃতীয় স্ত্রী বৃষ্টি বেগমকে নিয়ে বারিক টাঙ্গণ কামারপাড়া গ্রামে স্থায়ীভাবে বসবাস করছিলেন। সূত্র জানায়, বারিক মান্দার দেলুয়াবাড়ি এলাকার তাঁর প্রথম স্ত্রী হত্যা মামলা, শালিকা ধর্ষণ মামলা, শামসুদ্দিন মাষ্টার এবং সাফিউল হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী।
নিজ বাবা হত্যার সন্দেহের তীর তাঁরই দিকে, ভাষ্য স্থানীয়দের। গত ২৩ জানুয়ারি বাড়ি থেকে ডেকে নিয়ে রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী সাফিউলকে নির্মম ভাবে হত্যা করা হয়। প্রতিবেশী আব্দুল বারিক এবং বারিকের স্ত্রী বৃষ্টি বেগমের ফাঁসির দাবীতে এলাকাবাসী স্বতঃস্ফূর্ত মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধন থেকে বক্তারা খুনিদের দ্রুত বিচার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেছেন।
