বড়কুঠিতে নিরাপদ খাবার পানির প্লান্টের উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র পদ্মাপাড়। যেখানে প্রতিদিন আগমন বিপুল সংখ্যক দেশি-বিদেশী দর্শনার্থীদের। আগত দর্শনার্থীদের সুপেয় পানির সরবরাহের জন্য ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) পদ্মাপাড়ে বড়কুটি সংলগ্ন অডভার মুনসক্ গার্ড পার্কে স্থাপন করেছে একটি নিরাপদ খাবার পানির প্লান্ট ‘প্রবাহ’। গতকাল বৃহস্পতিবার সাড়ে ১১টায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও বিএটি‘র ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম এই নিরাপদ খাবার পানির প্লান্ট ‘প্রবাহ’ এর উদ্বোধন করেন।
প্রবাহ প্রকল্পের মাধ্যমে বিএটি কর্তৃক স্থাপিত প্লান্টের পানির ধারণক্ষমতা ৬ হাজার লিটার। উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, ব্রিটিশ আমেরিকান টোবাকো রাজশাহী মহানগরীকে সবুজায়নের জন্য বিপুল সংখ্যক গাছ উপহার দিয়েছেন। নিরাপদ খাবার পানির প্লান্ট স্থাপনের জন্য ব্রিটিশ আমেরিকান টোবাকোকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামীতে মহানগরীর বিভিন্ন জনবহুল স্থানে এমন নিরাপদ খাবার পানির প্লান্ট স্থাপনে ব্রিটিশ আমেরিকান টোবাকো‘কে অনুরোধ জানাচ্ছি।
এদিকে দুপুর ১২টায় লালন শাহ মুক্তমঞ্চ এলাকায় বৃক্ষরোপণ করেছেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বিএটি‘র ব্যবস্থাপনা পরিচালক শেহ্জাদ মুনীম। এ সময় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, পরিবেশ স্থায়ী কমিটির সভাপতি ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন উপস্থিত ছিলেন।
