বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী লিবিয়ায় অপহৃত মান্দার আলমগীরের মৃত্যু, আড়াই মাস পর মরদেহ শনাক্ত রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, বিএনপি নেতাসহ ২ জন গ্রেপ্তার পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি বিএমডিএ’র ৮৬তম পরিচালনা বোর্ড সভা নতুন সরকারের অধিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম বাজেট অধিবেশন শুরু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত ডেঙ্গমুক্ত রাজশাহী নগরী গড়তে প্রচেষ্টা অব্যাহত থাকবে : রিটন রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে প্রাণ হারালেন এক কিশোর দেশের ৬৫ শতাংশ গ্রাহক বিদ্যুতের মূল্যবৃদ্ধির বাইরে থাকছেন : তথ্যমন্ত্রী

পবায় আগাম জাতের শিম চাষে কৃষকের মুখে হাসি

Paris
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

পবা প্রতিনিধি : শিম একটি প্রোটিন সমৃদ্ধ জনপ্রিয় সবজি। শিমের বিচিও পুষ্টিকর সবজি হিসেবে খাওয়া যায়। প্রতিটি ঘরে শীতকালে শিমের তরকারি রান্না হয়। শীতকালীন সবজি হিসেবে শিমের চাহিদাও ব্যাপক। এ অঞ্চলের মাটি সবজি চাষের জন্য উপযোগী হওয়ায় আগাম জাতের শিম চাষ করেন কৃষকরা। আগাম জাতের শিম চাষে ফলনও দ্বিগুণ। মৌসুমের আগে বাজারে শিম আসায় ক্রেতাদের কদরও বেশি হয়। আবার আগাম শিম চাষে ফলন ও দাম দুটোই তাঁরা ভালো পাচ্ছেন। এতে প্রান্তিক পর্যায়ের কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। মৌসুমের শুরুতে শিমের বাজার মূল্য বেশি থাকায় শিমচাষিদের চোখে-মুখে ফুটে উঠেছে আনন্দের ঝিলিক। উপজেলার নওহাটা পৌরসভার পাকুড়িয়া, দামকুড়া ইউনিয়নের শীতলাই, হরিপুর ইউনিয়নের টেংরামারী, হুজুরীপাড়া ইউনিয়নের দারুশা, হরিয়ান ইউনিয়নের সুচরন, বড়গাছী ইউনিয়নের চন্দ্রপুকুর, ভালাম, পারিলা ইউনিয়নের মাড়িয়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় শিম, লাউ, মুলা, বেগুন, শাকসহ নানা জাতের সবজি পরিচর্চায় ব্যস্ত কৃষকেরা। মাচায় শিমের গাছগুলোতে ভরে উঠেছে ফুল আর শিম। পথে-প্রান্তরে, বাড়ির উঠানে ও মাঠের জমিতে সুতো ও বাঁশের তৈরি মাচার উপর দুলছে শিম গাছের কচি ডগা। শিম গাছের সবুজ পাতার কচি ডগায় উঁকি দিয়ে হাসছে সাদা ও বেগুনি রঙের ফুলে কৃষকের স্বপ্ন। ছড়ায় ছড়ায় ঝুলছে সবুজ শিমের সমারোহ। শিম গাছের ডগার ফুল ও শিমের থোকা পথচারীদেরও করছে মুগ্ধ। এমন মনোমুগ্ধকর দৃশ্যে ভরে উঠেছে এলাকার খেত খামার। খেত থেকে প্রতিদিন শিম তোলার পর বাজারে পাইকারী ও খুচরা দরে বিক্রি করা হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে পাইকাররা হাট-বাজার থেকে শিম ক্রয় করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছেন।
নওহাটা পৌরসভার পাকুড়িয়া এলাকার শিমচাষী রফিকুল ইসলাম জানান, ‘এবার প্রথম ১০ কাঠা জমিতে কার্তিকা জাতের শিম চাষ করেছেন। আগাম শিম চাষে ভালোভাবে খেতের পরিচর্যা করায় ফুল ও ফল ভালো হয়েছে। শিমের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে সার বিষ প্রয়োগ করেছেন। আবহাওয়া ভাল থাকলে শিমের বাম্পার ফলন হবে, দামও ভালো পাওয়া যাবে আশা করছি।’
দামকুড়া ইউনিয়নের শীতলাই এলাকার শিমচাষি ওয়াজেদ আলী জানান, ‘আগেকার দিনে আমরা ভিটেবাড়িতে ও খেতের আইলে শিম লাগাতাম। বৃষ্টির পানি ও শিশিরে ফুল ভিজে শিমের গাছ পচে যেত। বর্তমানে শিমের উন্নত জাত উদ্ভাবনের কারণে পোকা ও রোগবালাই কম হয়। এখন সবজির চাহিদা বৃদ্ধি পাওয়ায় এক বিঘা জমিতে বারি-৪ জাতের শিম চাষ করেছেন। এই জাতের শিমের ফলন অন্য শিমের চেয়ে বেশি হয় তাই চাষ করেছি। ফুল ও ফল ভাল হয়েছে। উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রতিনিয়ত খোঁজ-খবর নিচ্ছেন।’
হরিপুর ইউনিয়নের টেংরামারী এলাকার শিমচাষী আলামিন জানান, ‘আগাম গ্রীষ্মকালীন ইপসা-১ হাইব্রিড জাতের শিম ১০ কাঠা জমিতে চাষ করেছেন। রোপণের ৪৫ দিনের মধ্যে শিম গাছে ফুল ও ফল আসতে শুরু করেছে। প্রায় ৬০ দিন পর গাছ থেকে শিম উত্তোলন শুরু করেছেন। বীজ রোপণ, সেচ দেওয়া, সার প্রয়োগ, আগাছা দমন, কীটনাশক ও মাচা তৈরিসহ মোট ১০ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে সব খরচ বাদ দিয়ে প্রায় ৫০-৬০ হাজার টাকা শিম বিক্রয় করতে পারবো।’
উপজেলার খড়খড়ি হাটের পাইকারী সবজী ব্যবসায়ী আড়তদার মোখলেছুর রহমান বলেন, ‘শিম মৌসুমের নতুন সবজি এখনও পুরোপুরি বাজারে আসতে শুরু করেনি। শুরুর দিকে চাহিদা একটু বেশি হয়, দামও বেশি থাকে লাভও হয়। স্থানভেদে পাইকারি প্রতি কেজি শিমের দাম ১২০-১৩০ টাকা। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন শহরে শিম পাঠানো হচ্ছে।’ মতিয়াবিলের সবজী ব্যবসায়ী আইয়ুব আলী বলেন, ‘প্রতি কেজি শিম বিক্রয় হচ্ছে ১৫০-১৬০ টাকা কেজি দরে। তবে স্থানভেদে বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়।’
উপজেলার আলিমগঞ্জ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, ‘ব্যতিক্রমধর্মী ফসল নিয়ে কাজ করে থাকি এবং কৃষকদের উদ্বুদ্ধ করছি। কম খরচ ও কম পরিশ্রমে শিম উৎপাদন বেশি হওয়ায় লাভবান হচ্ছে চাষিরা। স্থানীয় কৃষকরা বিভিন্ন জাতের শিম চাষ করে। শীতকালে শিমের ভালো ফলন হয় তবে এখন বারোমাস শিম চাষ হচ্ছে। কৃষকরা যাতে উৎপাদন বেশি করতে পারে আবার ন্যায্য মূল্য পায় সেজন্য মাঠ পর্যায়ে তাদের সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতায় কাজ করছি।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসনিম বলেন, ‘উপজেলার ১০৫ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। শিম শীতকালীন সবজি হলেও বারোমাস চাষ করা যায়। বর্তমানে আগাম হাইব্রিড শিম চাষ করে কৃষকেরা লাভবান হচ্ছেন। আগাম জাতের শিম চাষে কৃষকেরা দাম ভালো পাওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে। মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের নানা ধরনের সবজি চাষে উদ্বুদ্ধ করাসহ পরামর্শ ও সার্বিক সহযোগিতা করছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর শিমের ভালো ফলন হবে আশা করছি। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের প্রযুক্তিগত সহায়তা ও প্রণোদনা দিয়ে তাদের কৃষিকাজে উদ্বুদ্ধ করতে কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কারণেই প্রান্তিক পর্যায়ের কৃষকরা অর্থনৈতিক ভাবে লাভবান ও সফল হচ্ছেন।’

 


আরোও অন্যান্য খবর
Paris