স্টাফ রিপোর্টার : রাজশাহীস্থ ইন্ডিয়ান সহকারী হাইকমিশনার অফিসের সামনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা, দুরারোগ্য রোগীদের ভিড় লক্ষ্য করা গেছে। তাঁরা মূলত উন্নত চিকিৎসার জন্য ভারত গমনেচ্ছুক। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা গেছে, গত ৫ আগস্ট থেকে ইন্ডিয়া যাওয়া-আসায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। যাদের ভিসার মেয়াদ রয়েছে কেবল তাঁরাই ইন্ডিয়া যেতে পারছেন। চিকিৎসাসহ নতুন কোন ভিসা দেয়া হচ্ছে না রাজশাহীস্থ ইন্ডিয়ান সহকারী হাই কমিশনারের অফিস থেকে। তবে গত ১৪ অক্টোবর আট-দশ জন ক্যান্সার, হার্টের রোগীকে ভিসার অনুমতি দেয়া হয়েছে বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।
সূত্র জানায়, মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে দেশের দূর দূরান্তর থেকে আগত অর্ধশতাধিক দুরারোগ্য রোগীরা ভিড় করতে থাকেন। বেলা সাড়ে এগারোটার পর সহকারী হাই কমিশনার মনোজ কুমারের পক্ষে সবাইকে অফিসের সামনে থেকে সরে যেতে অনুরোধ করা হয়। তাঁর কথার জবাবে, এক তরুণী (রোগীর এটেনডেন্স) হিন্দিতে তাঁর সাথে কথা বলতে থাকেন। শেষ পর্যন্ত ওই ভদ্রলোক বলেন, ক্যান্সার আক্রান্ত কয়জন রোগী আছেন? শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা এক’টা পর্যন্ত) কোন রোগীর কাগজপত্র নেয়া হয়নি। অনেকে হতাশ হয়ে ফিরতে বাধ্য হয়েছেন। রাজশাহী, নওগাঁ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়াসহ দেশের নানা প্রান্ত থেকে রোগী ভারতে চিকিৎসার নেয়ার জন্য ছুটে এসেছেন। কিন্তু কাজের কাজ হয়নি। পূর্বে পাসপোর্ট রেডি থাকলে অনলাইনে পেমেন্ট দিয়ে নগরীর বর্ণালী মোড়ের মরিয়ম টাওয়ারে কাগজপত্র জমা দিলে কিছু দিনের মধ্যে ভিসা দেওয়া হতো। আর সেই প্রক্রিয়া বন্ধ হওয়ায় বিড়ম্বনায় পড়েন দুরারোগ্য রোগী ও তাদের এটেনডেন্সরা। যারা দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদরের ধুলাউড়ী এলাকার ক্যান্সার আক্রান্ত রোগীর স্বজন (পূর্ণাঙ্গ ঠিকানা প্রকাশে অনিচ্ছুক) জানান, আমরা সকাল সাড়ে সাত’টা থেকে অপেক্ষা করছি। তিনি অটোরিকশাযোগে চাঁপাই থেকে এসেছেন। আহম্মদপুর গুরুদাসপুর থেকে ক্যান্সার আক্রান্ত স্বামীকে নিয়ে এক মধ্যবয়সী নারী এসেছেন। তাঁর মুখ-চোখে হতাশার ছাপ লক্ষ্য করা গেছে। রাজশাহীর কোর্ট এলাকার জনৈক রোগীর ফুসফুস-এ পানি জমেছে। তিনি একাধিকবার ইন্ডিয়া থেকে চিকিৎসা নিয়ছেন। ভিসার মেয়াদ শেষ হওয়ায় চিকিৎসার জন্য যেতে পারছেন না। ভুক্তভোগীদের দাবী, দেশের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা, জরুরি ভিত্তিতে ইন্ডিয়ার কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যার আশু সমাধান চান।