শিক্ষার্থীরা সর্বোচ্চ আদালতে ন্যায়বিচার পাবেন এই বিশ্বাস আমার আছে : প্রধানমন্ত্রী
আরা ডেস্ক : বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে এক সংক্ষিপ্ত ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানের কথা ঘোষণা করলেন। বিশেষ করে গত ১৬ জুলাই ঢাকাসহ সারাদেশে যারা হত্যাকাণ্ড করেছে, নাশকতা করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তাদের বিচারের জন্য বিচার বিভাগীয় কমিটি তদন্ত কমিটি গঠন করা হবে। হাইকোর্টের রায় পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করার অনুরোধ জানিয়ে শিক্ষার্থীদেরকে আন্দোলন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে শিক্ষার্থীরা সর্বোচ্চ আদালতে ন্যায়বিচার পাবেন এই বিশ্বাস তার আছে। সে পর্যন্ত অপেক্ষা করার জন্য শিক্ষার্থীদের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একটি স্বার্থান্বেষী মহল জড়িত হয়ে গেছে, যে মহলটি জ্বালাও পোড়াও, ভাঙচুরের মাধ্যমে অন্য উদ্দেশ্য হাসিল করতে চাইছে।
প্রধানমন্ত্রী বলেন যে, যখনই বাংলাদেশের জনগণ একটু শান্তিতে থাকে তখনই কিছু কিছু মহল অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করে। প্রধানমন্ত্রী ১৬ জুলাইয়ের ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি সহমর্মিতা জানান এবং আহতদের চিকিৎসাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী এই ভাষণে তার কঠোর এবং দৃঢ় অবস্থান পুনরায় ব্যক্ত করেন।
