মোহনপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, ২ জন আহত
মোহনপুর সংবাদদাতা : রাজশাহী জেলার মোহনপুর উপজেলার অন্তর্গত কামারপাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও ২ জন গুরুতর আহত হন। বুধবার (০১ মে) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কামারপাড়া বাজারস্থ বাসস্ট্যান্ডে মারাত্মক এই দূর্ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায় আ্যপাচি মোটরসাইকেলযোগে ৩ যুবক বেপরোয়া গতিতে নওগাঁ জেলার মান্দা থানাধীন সাবাইহাট বাজারে যওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছা মাত্রই বিপরীতদিক হতে আসা একটি ভুটভুটির সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেলে থাকা চালকসহ অপর ২ জন আরোহী মারাত্মক আহত হন। বাসস্ট্যান্ডে থাকা স্থানীয় লোকজন মোহনপুর ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিম নামের (২৬) একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তি রায়ঘাটি ইউনিওনের বাসিন্দা, তার পিতার নাম মৃত আসাদ, অপর ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মোহনপুর থানার ওসি হরিদাস মন্ডল বলেন ভুটভুটি চালকে ধরা যায়নি।
