শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ারেন্ট নিয়ে রাজশাহীতে ঝটিকা মিছিল করলেন রিজভী

Paris
Update : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার

দলের শীর্ষ নেতারা কারাগারে আটক থাকার কারণে গত ২৮ অক্টোবরের পর থেকে ফেসবুক লাইভে নিয়মিত অবরোধ ও হরতালের মতো কর্মসূচি ঘোষণা করে আসছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে হঠাৎ করেই গতকাল বুধবার ভোরে তাকে সশরীরে দেখা গেছে রাজশাহীতে। তার নেতৃত্বে গতকাল বুধবার ভোরে রাজশাহীর তেরখাদিয়া এলাকায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। ভোর সাড়ে ৬টার দিকে তেরখাদিয়ায় শহীদ কামারাজ্জামান বিভাগীয় স্টেডিয়ামের সামনের সড়কে মিছিলটি বের হয়। ১৫ থেকে ২০ জন নেতাকর্মী নিয়ে ঝটিকা মিছিল করেন রিজভী। ঝটিকা মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যও রাখেন তিনি। এ সময় রুহুল কবির রিজভী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের জনগণ কোনোভাবেই একতরফা নির্বাচন হতে দেবে না। জনবিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগ ফের পাতানো নির্বাচনের পথে এগোচ্ছে। তারা ভেবেই নিয়েছে ২০১৪ ও ২০১৮ সালের মতো সাজানো নির্বাচন করে পার পেয়ে যাবে। কিন্তু তা এবার হতে দেওয়া হবে না। নীলনকশার এই নির্বাচন জনগণ যেকোনো মূল্যে রুখে দেবে। নব্বইয়ের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ যেমন জনরোষ থেকে বাঁচতে পারেনি, পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এই সরকারও সেভাবে বাধ্য হবে। বিজয়ের মাসেই তাদের পতন ঘটবে। একদলীয় শাসনব্যবস্থা থেকে বাংলাদেশকে উদ্ধারে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে বলেও ধারণা তার। সংক্ষিপ্ত সমাবেশে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ আবারও সন্ত্রাসী কায়দায় জনগণের ভোটাধিকার হরণের সব পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তবে জনগণ গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিসহ দেশের সব গণতান্ত্রিক দল চূড়ান্ত আন্দোলনে শামিল হয়ে সব অপচেষ্টা বানচাল করে দেবে। একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে উদ্ধার করতে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে। মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজভী। তবে সংক্ষিপ্ত বক্তব্য রেখেই রিজভী পুলিশ আসার আগেই সেখান থেকে সরে যান। এর আগে তার নেতৃত্বে ঝটিকা মিছিলটি মহানগরের তেরখাদিয়া স্টেডিয়াম সড়ক থেকে শুরু হয়ে রাজশাহী সিটি হাট রোডের ডাবলার মোড়ে গিয়ে শেষ হয়। রাজশাহী জেলা যুবদল ও জেলা ছাত্রদলের উদ্যোগে অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং হয়। ওই মিছিলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, রাজশাহী যুবদলের সদস্যসচিব রেজাউল করীম টুটুল, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, শাহনাজ খুরশীদ রিজভী, রনি প্রাং, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকারকে দেখা গেছে। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দশম দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে ‘আত্মাগোপনে’ থাকা রিজভী এই প্রথম ঢাকার বাইরে ঝটিকা মিছিল করলেন। সোমবার বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারির আগে প্রায় সবগুলো অবরোধেই রিজভী ঢাকার বিভিন্ন সড়কে ঝটিকা মিছিল করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris