পুঠিয়া সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় স্বামীর উপর অভিমান করে খালার বাড়ি বেড়াতে আসার পথে এক যুবতী গৃহবধূকে অটোচালক শ্লীলতাহানীর চেষ্টা করে। সে সময় নিজের আত্মরক্ষার্থে ওই যুবতী অটোরিক্সা থেকে মহাসড়কে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়দের সহয়তায় খবর পেয়ে অচেতন অবস্থায় তাকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন ফায়ার সার্ভিস কর্মীরা। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহীর মহাসড়কের সেনভাগ এলাকায় এ ঘটনা ঘটে। ভূক্তভোগি গৃহবধূ চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের শাহ আলমের স্ত্রী।
জানা গেছে, ভূক্তভোগি ওই নারী বাড়িতে তার স্বামীর উপর অভিমান করে গত ৯ ফেব্রুয়ারী আপন ছোট খালার ভাড়া বাড়ি নওগাঁ সদর এলাকায় আসেন। কিন্তু তার খালু চাকরির সুবাদে পুঠিয়ায় বদলী হয়ে আসায় সেখাতে তাদের দেখা পায় নি। সেখান থেকে পুঠিয়ায় খালার নতুন ঠিকানা সংগ্রহ করে বুধবার বিকেলে ট্রেনযোগে নাটোর আসেন। পরে সন্ধ্যার দিকে একটি অটোরিক্সা যোগে পুঠিয়া আসছিলেন তিনি। পথে সেনভাগ এলাকার ফাঁকা স্থানে এসে অটোচালক তাকে একা পেয়ে তার শ্লীলতাহানীর চেষ্টা করে।
এ সময় সে আত্মরক্ষার্থে অটো থেকে লাফিয়ে মহাসড়কে পড়ে অচেতন হয়ে পড়ে। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খালিদুর রহমান বলেন, ওই নারীকে আমরা অচেতন অবস্থায় হাসপাতালে পেয়েছি। গতকাল সকালে সে কিছু কথা বলতে পারছে। তবে তার কথা বার্তায় এখনো এই ঘটনার ক্লিয়ার বোঝা যাচ্ছে না। পুলিশ অটোচালকের বিষয়টি তদন্ত করছে। পাশাপাশি ওই মেয়ের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানান তিনি।