জেল হত্যা দিবস উপলক্ষে রাসিকের আলোচনা সভা ও দোয়া মাহফিল
প্রেস বিজ্ঞপ্তি
৩রা নভেম্বর ২০২৩ জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার নগর ভবনের এ্যানেক্স ভবন সভা কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী। সভায় সভাপতিত্ব করেন রাসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃনদ্, জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী বলেন, জাতীয় চার নেতা জীবন দিয়ে গেছেন, কিন্তু বঙ্গবন্ধুর সঙ্গে বৈঈমানি করেননি। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার হত্যাকাণ্ড একইসুত্রে গাঁথা। এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিলেন, তাদের খুঁজে বের করতে কমিশন গঠন এখন সময়ের দাবি। প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, জাতীয় চার নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি-আদর্শে অটুট ও প্রচণ্ড দেশপ্রেমিক ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে তাঁরা মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে দেশকে পাকিস্তানী ভাবধারায় নিয়ে যাওয়ার অপচেষ্টা চালানো হয়। সভায় বক্তব্য রাখেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম ও রাসিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন। সভায় আবৃত্তি শিল্পী নূ-ই-হাফিজা খানম, মনিরুজ্জামান উজ্জ্বল। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন ছিলেন লাব্বিবা নাওয়াজ সহিষ্ণতা, বরকত-এ-এলাহী রিমন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের পেস ইমাম ক্বারী মোঃ মামুন উর রশীদ।
