বাগমারায় ভাইয়ের বিরুদ্ধে জবর দখলের মামলা করায় অবরুদ্ধ ছোটভাই
বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় বড় ভাই এর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের মামলা করায় অবরুদ্ধ করে রাখা হয়েছে ছোট ভাইকে। প্রায় এক বছর থেকে বিপল্প পথে বাড়িতে প্রবেশ করতে হচ্ছে ফেরদৌস আলী ও তার পরিবারের সদস্যদের। এ নিয়ে পরিবার সহ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ফেরদৌস আলীর সবতবাড়ি সহ কৃষি জমি তারই বড় ভাই আব্দুল কুদ্দুস জোরপূর্বক দখল করে নেয়। সেই সাথে ফেরদৌস আলীর বসতবাড়ি থেকে উচ্ছেদ করার লক্ষ্য নিয়ে বাড়ির চারপাশে বিভিন্ন ভাবে খুটি গেড়ে বেড়া দিয়ে পথরোধ করে রেখেছে।
স্থানীয় ভাবে মিমাংসার উদ্যোগ নিলেও কোন সমাধান করা সম্ভব হয়নি। অবশেষে ফেরদৌস আলী বিজ্ঞ আদালতে বড় ভাই আব্দুল কুদ্দুস সহ ৫ জনের নাম উল্লেখ পূর্বক একটি মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত ওই মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বাগমারা থানাকে নির্দেশ দেয়। মামলা নং ৬৪৬/২০২৩। ওই মামলার তদন্তভার দেয়া হয় বাগমারা থানার এসআই আব্দুল মান্নান সরকারের উপর। আদালতের নির্দেশে উক্ত মামলার তদন্ত কাজ শুরু করেন এসআই আব্দুল মান্নান সরকার। পরে তিনি বিজ্ঞ আদালতে আনীত অভিযোগের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদন সূত্রে জানাগেছে। উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ইসলাবাড়ী মধ্যপাড়া গ্রামের মৃত জাদব আলীর ছেলে আব্দুল কুদ্দুস স্ত্রী-সন্তান সহ তার ছোট ভাই ফেরদৌস আলীর বসতভিটা এবং কৃষি জমি দখলের চেষ্টা করে। সেই সাথে ওই সকল জমিতে থাকা বিভিন্ন প্রকার ফলজ গাছপালা কেটে ফেলে। এছাড়াও ফেরদৌস আলীর বাড়িতে প্রবেশের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেয়। সেই সাথে হত্যার হুমকী প্রদান করে। ওই ঘটনায় প্রাণভয়ে ফেরদৌস আলী পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছে। হত্যার হুমকী দিয়ে বর্তমানে ফেরদৌসের সকল সম্পত্তি জবরদখল করে রেখেছে কুদ্দুস। এরআগে আব্দুল কুদ্দুস তার ছোট ভাই ফেরদৌসকে বসতবাড়ি থেকে বিতাড়িত করতে ইতোপূর্বে বিভিন্ন সময় পারিবারিক নানা বিষয় নিয়ে ৫টি মামলা দায়ের করেছে। ভিত্তিহীন মামলা দিয়ে তাকে হয়রানীর পাশাপাশি আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত করে চলেছে কুদ্দুস। এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে আব্দুল কুদ্দুস নিজেই সকলের সম্পত্তি ভোগ দখল করবে বলে ভাই-বোনের নামে মামলা দিয়ে আসছে। বর্তমানে ভাই-বোনের বিরুদ্ধে ৫ মামলা করেছে কুদ্দুস। এ ব্যাপারে আব্দুল কুদ্দুস বলেন, পারিবারিক অনেক বিষয় নিয়ে ভাইদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। সেই বিরোধ নিয়ে উভয়ের মধ্যে পাল্টাপাল্টি মামলাও রয়েছে। মামলার বাদী ফেরদৌস আলী বলেন, আমাদের বিরুদ্ধে বড়ভাই দীর্ঘদিন থেকে মামলা দিয়ে আসছে। তার একছেলে সেনাবাহিনীতে চাকরী করায় তার ক্ষমতার দাপটে আমাদের বসবাস করা দূরহ হয়ে পড়েছে। কোন কথা বললেই মামলা। সেই সাথে আমার বাড়িতে যাওয়ার পথ বেড়া দিয়ে বন্ধ করে রেখেছে। ওই রাস্তায় আমার পরিবারের কেউ আর চলাচল করতে পারছেনা। স্থানীয় ভাবে একাধিকবার বসলেও কোন ফল হয়নি। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, কুদ্দুসকে নিয়ে স্থানীয় ভাবে অনেক বার বৈঠক করে মিমাংসা করা হলেও তা বেশিদিন কার্যকর করা যায়নি। কুদ্দুস একজন মামলাবাজ প্রকৃতির ব্যক্তি সে কারো কথা মান্য করে না। মামলার তদন্ত কর্মকর্তা বাগমারা থানার এসআই আব্দুল মান্নান সরকার বলেন, বাদী ফেরদৌস আলীর দায়েরকৃত মামলায় বিজ্ঞ আদালতের নির্দেশে আমি মামলাটি তদন্ত করি। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করেছি।
