স্টাফ রিপোর্টার ও মচমইল সংবাদদাতা
রাজশাহীর বাগমারা উপজেলার উপর দিয়ে হঠাৎ টর্নেডো’র ছোবলে ৪টি গ্রাম লন্ডভন্ড হয়ে পড়েছে। শনিবার (৩০ সেপ্টম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম এলাকায় অবস্থিত আউচপাড়া ইউনিয়নের উপর দিয়ে আকর্ষ্মিকভাবে বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে সাঁইধারা, বামুনীগাঁ ও অব্যাগতপাড়া নামে ৩টি গ্রামের ঘর-বাড়ি, গাছ-পালাসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়। ওই এলাকায় অসংখ্য গাছপালা, পান বরজ, মরিজ ক্ষেতসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ভারি বর্ষনে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ও উড়তি ফসলের ব্যাপক ক্ষতি হয়।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ করে পূর্ব- দক্ষিণ দিক থেকে কালো মেঘে ঢেকে যায়। কোনো কিছু বুঝে উঠার আগেই মূহুর্তের মধ্যে প্রচন্ড বেগে ঘূর্ণিঝড় ধেয়ে এসে গ্রামে আঘাত হানে। প্রায় ২৫ মিনিট স্থায়ী এ ঘূর্ণিঝড়ে সাইধারা, বামুনীগাঁ ও অব্যাগতপাড়া নামে ৩টি গ্রামের গ্রামের প্রায় অর্ধশতাধিক বাড়িঘর লন্ডভন্ড করে দেয়। মৌসুমী ফসল ধান, মরিজ, পেঁপেগাছ সহ উড়তি ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। পান বরজ মাটির সঙ্গে মিশে গেছে।
বামনীগাঁ গ্রামের আবু সাঈদ, আফসার আলী, মজের আলী, আলেকজান বিবিসিহ কয়েকজনের বাড়ি বিধস্ত হয়ে পড়েছে। একই ভাবে সাঁইধারা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ, সাজ্জাদ হোসেন, আফজাল হোসেন ও আউচপাড়া গ্রামের আলমগীর হোসেন দুলাল উদ্দিন, আমজাদ হোসেনসহ এলাকার বেশ কিছু কৃষকের টিনের ঘর-বাড়ি উড়ে গেছে। ক্ষতি হয়েছে অর্ধশত পানবরজ। গ্রামের আতাউর রহমান,আব্দুর রশিদ, সহ অনেকের বাড়ি ও ফসলি জমির ফসল নষ্ট হয়ে গেছে বলে জানান তারা।
উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের কৃষক সেলিম রেজা জানান, তার আয়ের প্রধান উৎস পানবরজ ঝড়ে ভেঙ্গে দিয়েছে। পানসহ গাছ মাটিতে পড়ে গেছে এতে করে তার ৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে তিনি দাবি করেন। একই ভাবে মাড়ি ইউনিয়নের মাড়িয়া গ্রামের দুলাল উদ্দিন জানান, ঝড়ে তার নার্সারির ব্যাপক ক্ষতি হয়েছে। এর সাথে তার ঘরের চালা উড়ে গেছে।
এ ব্যাপারে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান বলেন, টর্নেডোর আঘাতে পান বজর, গাছপালা ও উড়তি ফসলের ক্ষতি হয়েছে। ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাতে উপজেলার অন্য এলাকায় জমির ফসল নূয়ে পড়েছে। সংবাদ পেয়ে কয়েকটি গ্রাম পরিদর্শন করা হয়েছে ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা করা হচ্ছে।
বাড়ি-ঘর, গাছপালা, মুরগির খামার এমনকি ঝড়ের কবল থেকে রক্ষা পায়নি গরুও। এই ঝড়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার কাছাকাছি। ভয়াবহ ঝড়ের এই তান্ডব ঘটেছে রাজশাহীর মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের লালোইচ গ্রামে। ঝড়ের তান্ডবে পড়ে গেছে মেহগুনি ও আমসহ বেশ কিছু গাছ, নষ্ট হয়েছে ১৮ শতক পানির বরজ ও ১৩ শতক কৃষি জমির পটলের ক্ষেত, ভেঙে গেছে মুরগির খামার ও ঘর-বাড়ি। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে এই ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয় লালোইচ গ্রামের বাসিন্দারা।
সরেজমিনে রোববার ১ (সেপ্টেম্বর) লালোইচ গ্রামে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, মৃত আশকানের ছেলে আব্দুস সামাদের বাড়ি, মোফাজ্জলের ছেলে মুস্তাফিজুর ও মৃত লালমন শাহের ছেলে জিয়ারত আলীর ঘরের টিন নষ্ট হয়েছে। অপরদিকে লালোইচ দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার টিন নষ্ট হয়েছে, মৃত রফাতুল্লাহ ছেলে আব্দুল জলিল ও মফিজ উদ্দিনের ছেলে আতাউর রহমানের ১ বিঘা জমির পান বরজ নষ্ট হয়েছে। এছাড়াও রহমতুল্লাহর ছেলে আবু বকর সিদ্দিকের ১২ শতক পান বরজ, মৃত তছির উদ্দিনের ছেলে তাছের আলীর ঘর, মৃত লাল মোহাম্মাদের বাড়ির ব্যাপক ক্ষয় ক্ষতি হয়। ভয়াবহ এই ঝড়ের তান্ডবে সবকিছু মিলিয়ে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি হবে বলে জানান গ্রামবাসীরা।