বরেন্দ্র জনপদকে বাঁচাতে নদীগুলো সুরক্ষার দাবি
স্টাফ রিপোর্টার
নদী শুধু নদী নয়; জীবন যদি বাঁচাতে হয়; পরিবেশ যদি রক্ষা করতে হয়; উর্বরতা যদি বাড়াতে হয়; উৎপাদনশীলতা যদি বজায় রাখতে হয়; প্রাকৃতিক ভারসাম্য যদি রক্ষা করতে হয়; বরেন্দ্র অঞ্চলের খরা যদি মোকাবেলা করতে হয় তাহলে নদী দখল-দূষণ বন্ধ এবং খনন ও সংরক্ষণের কোন বিকল্প নাই। নদী উন্নয়ন-ই রয়েছে সব উন্নয়নের মূলে। বিশেষ করে টেকসই ও অভিঘাত সহনশীল বৈচিত্র্যপূর্ণ, বৈষম্যহীন নগর ও পরিবেশ উন্নয়নের চাবি কাঠি। ফলে নদী ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণই সার্বিক উন্নয়নের মূল লক্ষ্য হওয়া উচিৎ।
রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহীর যুব/যুবাদের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গবেষণা উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক(বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনাস নলেজ) এর যৌথ আয়োজনে নগরীর বোয়ালিয়া থানাধীন সাহেববাজার জিরোপয়েন্টে বিশ^ নদী দিবস উপলক্ষ্যে নদীবন্ধনের আয়োজন করা হয়েছে।
নদীবন্ধনে বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি ও সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি শাইখ তাসনিম জামাল এর সভাপতিত্বে এবং বরেন্দ্র ইয়ুথ ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় বক্তারা বলেন- বরেন্দ্র অঞ্চলের নদী বাঁচলে বাঁচবে এই জনপদ। বাঁচবে এই অঞ্চলের জীববৈচিত্র্য সহ সুরক্ষা হবে এই অঞ্চলের বাস্তুসংস্থান। বরেন্দ্র অঞ্চলের প্রধান নদী পদ্মা। পদ্মার প্রধান উপনদী হলো- মহানন্দা এবং পুনর্ভবা। পদ্মার বিভিন্ন শাখানদীর মধ্যে গড়াই, বড়াল, আড়িয়াল খাঁ, কুমার, মাথাভাঙ্গা, কপোতাক্ষ ইত্যাদি। পুকুর-ডোবা, জলাশয়-জলাধার, খাল-বিল, হাওর-বাঁওড়, নদ-নদী আমাদের জীবনের অপরিহার্য অংশ। পদ্মার সাথে সংযোগ হওয়া শাখা এবং উপশাখা নদ-নদী, পুকুর-ডোবা, জলাশয়-জলাধার, খাল-বিল, হাওর-বাঁওড় সহ সকল জলাধারগুলোর জীবন ফিরিয়ে আনতে হবে। বরেন্দ্র অঞ্চলের নদীগুলোকে হত্যা করা হয়েছে যখন পদ্মাকে তার পানির ন্যায্যতা থেকে বঞ্চিত করা হয়েছে।
আরো বক্তব্য রাখেন, আদিবাসী যুব পরিষদ রাজশাহীর সভাপতি উপেন রবিদাস, বারসিক বরেন্দ্র অঞ্চলের প্রোগ্রাম অফিসার অমৃত সরকার, ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’র সভাপতি শামীউর আলীম শাওন, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সুভাষ চন্দ্র হেমব্রম, সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর চেয়্যারম্যান মিজানুর রহমান মিজান, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি ও সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি শাইখ তাসনিম জামাল, নবজাগরণ ফাউন্ডেশনের সদস্য মোঃ লিমন সরকার, সচ্ছলতা এসোসিয়েশনের সাধারণ সস্পাদক সালমান ফারসি প্রমূখ।
