৮ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শেখ হাসিনা বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্র বানাতে চায় : শাহরিয়ার

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৩, ৩:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শেখ হাসিনা বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্র বানাতে চায় : শাহরিয়ার
বিজ্ঞাপন

তথ্যবিবরণী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহ্রিয়ার আলম, এমপি। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে প্রতিমন্ত্রী তাঁর নির্বাচনি এলাকা রাজশাহীর বাঘা উপজেলার তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান।

শাহ্রিয়ার আলম বলেন, সরকারের কাজ তৃণমূলের মানুষের ভাগ্য পরিবর্তন করা। যদি কোনো সরকার তা করতে না পারে, তবে তার সরকারে থাকার দরকার নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি স্ট্যান্ডার্ড তৈরি করেছেন, যার মাধ্যমে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। তিনি বাংলাদেশকে যে উচ্চতায় নিয়ে গেছেন, তার প্রতিফলন এখন সবাই দেখতে পাচ্ছে। বিভিন্ন সময়ে দেশের মানুষকে নিয়ে অনেক ছিনিমিনি খেলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সামরিক সরকারের নামে দেশের সাধারণ জনগণের ভাগ্য নিয়ে এক সময় অনেক তামাশা হয়েছে, ছিনিমিনি খেলা হয়েছেÑ আর নয়। বাংলাদেশের জনগণকে নিয়ে আর এ ধরনের কিছু করতে দেওয়া হবে না। দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

দেশের অর্থনীতি এখন ভালো জায়গায় আছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অনেকবার খাদের কিনারা থেকে রক্ষা করেছেন। বঙ্গবন্ধুর রক্ত যখন ক্ষমতায় আছে, তখন দেশের সব জায়গায় সরকার আছে। যেখানে অসহায়, নিঃস্ব মানুষ আছে, সেখানে সরকার আছে। এ সময় তিনি তৃণমূলের নেতাদের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে বলেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে শাহ্দৌলা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মীর মোঃ মামুনুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বক্তৃতা দেন।

এর আগে বেলা বারোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাঘা উপজেলার টাইরিপাড়া থেকে মিয়াপাড়া মসজিদ পর্যন্ত ২৫৭ মিটার রাস্তার নির্মাণকাজ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বলেন, পৃথিবীতে বর্তমানে নানাধরনের সমস্যা চলছে, যুদ্ধ চলছেÑ এত কিছুর পরও আমাদের দেশে উন্নয়ন হচ্ছে, রাস্তা হচ্ছে। পৃথিবীতে বেশির ভাগ দেশ উল্টো দিকে যাচ্ছে এর মধ্যেও বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে দ্রুত উন্নতি করার দেশ। সকালে প্রতিমন্ত্রী তাঁর বাঘার আড়ানীস্থ নিজ বাসভবনে উপজেলার গরিব, অসহায় ও রোগগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ করেন। এ সময় তিনি ২১ জনকে মোট ৯ লাখ ৮০ হাজার টাকার চেক তুলে দেন। এর মধ্যে ১৬ জনকে ৫০ হাজার করে, ৩ জনকে ৪০ হাজার করে এবং অপর ২ জনকে ৩০ হাজার (টাকা) করে চেক বিতরণ করা হয়।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন