তানোরে মাদ্রাসা শিক্ষকের বিরেদ্ধে বিএমডিএ’র গাছ কাটার অভিযোগ
তানোর থেকে প্রতিনিধি
রাজশাহীর তানোরে এতিম খানা ও মাদ্রাসার দোহায় দিয়ে সরকারি রাস্তার তরতাজা পরিপক্ব কিছু আম গাছ কাটার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার কামারগাঁ ইউনিয়ন (ইউপির) মালশিরা গ্রামে গতকাল বুধবার সকালের দিকে ঘটে গাছ কাটার ঘটনাটি। গাছ কাটার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে পড়েন স্থানীয়রা, সেই সাথে গাছ নিধন কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি উঠেছে। গাছ নিধন কারী শিক্ষকের নাম হাবিবুর রহমান।
জানা গেছে, বুধবার সকালের দিকে উপজেলার মালশিরা গ্রামের মালশিরা মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমান পরিপক্ব তিন চারটি আম গাছ শ্রমিক দিয়ে কেটে রাস্তার পাশে ফেলে রাখেন। গাছ নিধনের বিষয় টি বিএমডিএর সহকারী প্রকৌশলীকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে কাটা গাছগুলো জব্দ করেন। কিন্তু গাছ নিধনকারীকে ছেড়ে দেন বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন। গাছ নিধন কারী শিক্ষক হাবিবুর রহমানের মোবাইলে ফোন দিয়ে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা না বলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
স্থানীয়রা জানান, উপজেলাটি খরা প্রবন ও বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত। অতীতে গাছপালা বন জঙ্গল প্রচুর পরিমানে ছিল। কিন্তু দিনের দিন গাছপালা বন জঙ্গল উজাড় হতেই আছে। একারনে সামান্য খরতাপ সহ্য করা যায় না। জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলার জন্য সরকারি ভাবে গাছ রোপন করা হয়। কিন্তু একজন মাদ্রাসার শিক্ষক কিভাবে কার অনুমতিতে তরতাজা পরিপক্ব প্রকাশ্যে গাছ কেটে ফেললো সেটা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা না নিলে নিধন হতেই থাকবে। যেখানে সরকার আইন করেছে নিজস্ব গাছ কাটতে হলেও সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিতে হবে। তাহলে মাদ্রাসা শিক্ষক হাবিবুর কার ইশারায় গাছ কাটলেন। যে অনুমতি দিয়েছেন এবং যিনি কেটেছেন উভয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া একান্ত দরকার। নচেৎ তাদের দেখাদেখি আরো গাছ নিধন হতেই থাকবে। ১ নম্বর ওয়ার্ডের মেম্বার কামারগাঁ ইউপির প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন প্রামানিক বলেন, গাছ কাটার বিষয়ে আমার কিছুই জানা নেই। আমি পরিষদের মিটিংয়ে আছি। বিএমডিএর সহকারী প্রকৌশলী কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কাটা গাছগুলো জব্দ করা হয়েছে, নিলামে বিক্রি করা হবে। কোন অনুমতি ছাড়াই গাছ কেটেছেন যিনি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হবে কিনা জানতে চাইলে তিনি জানান ,প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে এটাই ব্যবস্থা বলে দায় সারেন।
