স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরী’র এক ব্যক্তির নগদ অ্যাকাউন্ট হতে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ১৯ হাজার ৬ শত টাকা উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে আরএমপির বেলপুকুর থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট ২০২৩ দুপুরে রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার জোতভাগিরতপুরে মৃত নজরুল ইসলামের ছেলে রিপন আলীকে (৩৯) তার বন্ধু নগদ অ্যাকাউন্টে ১৯ হাজার ৬ শত টাকা পাঠায়। পরদিন রিপন দেখতে পান তার নগদ অ্যাকাউন্টে বন্ধুর পাঠানো টাকা নাই। পরবর্তীতে সে মোবাইল ফোনে নগদ অ্যাপের মাধ্যমে জানতে পারেন, একটি মোবাইল নম্বর হতে অজ্ঞাতনামা এক ব্যক্তি প্রতারণা করে তার সেই টাকা উত্তোলন করে নিয়েছে। এ বিষয়ে তিনি বেলপুকুর থানা পুলিশকে অবগত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। উক্ত জিডির পরিপ্রেক্ষিতে আরএমপির বেলপুকুর থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও তার টিম সেই টাকা উদ্ধারে অভিযান শুরু করেন। তারা আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় প্রযুক্তির মাধ্যমে প্রতারকের নাম ঠিকানা সনাক্ত করে। এরপর বেলপুকুর থানা পুলিশ সিরাজগঞ্জ সদর থানা পুলিশের সহায়তায় প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান গত ১১ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ অপরাহ্ণে রিপনের কাছে উদ্ধারকৃত টাকা হস্তান্তর করেন। রিপন তার টাকা ফেরত পেয়ে অত্যন্ত আনন্দিত। সে আরএমপির বেলপুকুর থানা পুলিশসহ টাকা উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।