বাগমারায় জাল সনদে ১৮ বছর প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বে রউফ!
সাবাইহাট থেকে প্রতিনিধি
রাজশাহীর বাগমারায় পীরগঞ্জ টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আব্দুর রউফ মন্ডলের বিরুদ্ধে ১৮ বছর ধরে জাল সনদে চাকরি করার অভিযোগ পাওয়া গেছে। কারিগরি অধিদপ্তর থেকে তাঁর বিরুদ্ধে ফৌজদারী আইনে মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। উপজেলার কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নে পীরগঞ্জে কলেজটির অবস্থান।
প্রভাষক (কম্পিউটার অপারেশন) আব্দুল আজিজ, এলাকাবাসী সেলিম রেজা, শাহাদৎ হোসেন সহ অনেকে জাল সনদধারী অধ্যক্ষের অপসারণ দাবী করেন। কলেজের সহকারী লাইব্রেরিয়ান সাইফুল ইসলাম, কলেজের সুষ্ঠু পরিবেশ এবং অধ্যক্ষের শাস্তি চেয়ে প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাগমারা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম নতি পাবার কথা নিশ্চিত করে জানান, কর্তৃপক্ষ এজাহার দিলে মামলা গ্রহণ করা হবে। অধ্যক্ষ আব্দুর রউফ মন্ডল বলেন, ঐ আদেশ প্রত্যাহার হয়েছে। অল্প সময়ের মধ্যে আদেশের কপি হাতে পাবেন বলে জানান তিনি। বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এবং প্রতিষ্ঠানের সভাপতি এ,এফ,এম আবু সুফিয়ান মুঠোফোনে জানান, অধ্যক্ষের বেতন সাময়িক স্থগিত করা হয়েছে।
