বাসুপাড়ায় মহিলা লীগের সম্মেলনে সভাপতি মমেনা সম্পাদক নুরুন নাহার
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ৭নং বাসুপাড়া ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় দ্বীপনগর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মমেনা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুন নাহার বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেন, ইউনিয়ন পর্যায়ে মহিলা লীগে ত্রি-বার্ষিক সম্মেলনের মধ্যে দিয়ে সংগঠন আরো উজ্জীবিত হবে। প্রতিটি সম্মেলনে নতুন নেতৃত্বের ফলে নেতাকর্মীদের মাঝে গতিশীলতা বিরাজ করে।
প্রতিটি নির্বাচনে মহিলা ভোটার ছাড়া কোন প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করতে পারে না। প্রতিটি নির্বাচনে মহিলাদের ভূমিকা অপরিসীম। বর্তমান সময়ে পুরুষের সাথে মহিলারাও সমান ভাবে অংশ নিচ্ছেন। জাতির জনকের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। সেই সংগঠনের অংগ সহযোগী মহিলা লীগের সংগঠন। দলের স্বার্থে ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা প্রতিটি কমিটিতে মহিলাদের রাখা হচ্ছে। মহিলা আ’লীগের ইউনিয়ন ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে মহিলা লীগকে সুসংগঠিত এবং শক্তিশালী হচ্ছে। মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে মমেনা বেগমকে সভাপতি এবং নুরুন নাহার বেগমকে সাধারণ সম্পাদক করে বাসুপাড়া ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করবেন। উক্ত সম্মেলনে ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
