বাগমারার ঝিকরা এবং বড়বিহানালী ইউনিয়নে মহিলালীগের সম্মেলন
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ১২নং ঝিকরা এবং ৪নং বড়-বিহানালী ইউনিয়ন মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩ টায় ঝিকরা উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন মহিলা লীগের সভাপতি রাশেদা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আছিয়া বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু, ঝিকরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জেসমিন আরা উপজেলা যুবমহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন। আলোচনা অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে আছিয়া বিবিকে সভাপতি এবং ছকিনা বিবিকে সাধারণ সম্পাদক করে ঝিকরা ইউনিয়ন মহিলা লীগের কমিটির ঘোষণা করা হয়েছে।
অপরদিকে গত রবিবার বড়-বিহানালী উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে ইউনিয়ন মহিলা লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। ইউনিয়ন মহিলা লীগের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবরী ইয়াসমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন, রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, বড়-বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বানু। উক্ত সম্মেলনে ইউনিয়ন এবং প্রতিটি ওয়ার্ড মহিলা লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
