২৮ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে ১৩১৯ পরিবারে আনন্দ প্রতিবন্ধী খাতিজার সাথে কথা বলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১, ১২:৪৩ অপরাহ্ণ | বিভাগ: রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জে ১৩১৯ পরিবারে আনন্দ প্রতিবন্ধী খাতিজার সাথে কথা বলেন প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৬৬ হাজার ১’শ ৮৯টি পরিবারের নিকট নবনির্মিত বাসগৃহ হস্তান্তরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে প্রধানমন্ত্রী সারাদেশের ৪টি জেলার সাথে সুবিধাভোগী ও স্থানীয়দের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। এরমধ্যে আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জ ছিলো অন্যতম। চাঁপাইনবাবগঞ্জে ১৩১৯টি অসহায়, গৃহহীন পরিবারের নিকট বাড়ির চাবি ও জমির দলিল বুঝিয়ে দেয়া হয়। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মানপুর-সল্লায় গতকাল শনিবার সকালে সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের পর সুবিধাভোগী প্রতিবন্ধী নারী খাতিজা বেগমের সাথে কথা বলেন শেখ হাসিনা। এসময় খাতিজা বেগম প্রধানমন্ত্রীকে সালাম দিয়ে বলেন, আমি একজন প্রতিবন্ধী নারী। আমার কোন থাকার জায়গা ছিলোনা। আপনার জন্য আজ এ বাড়ি পেলাম। আল্লাহ আপনার ও আপনার পরিবারের ভালো করুক। শেষে আশ্রায়ন প্রকল্পসহ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরায় উচ্ছাস ও সন্তুষ্ট প্রকাশ করেন প্রধানমন্ত্রী। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে প্রত্যেকটি লাল-সবুজের স্বপ্নের নীড়ে রয়েছে ২টি ঘর, একটি রান্না ঘর, টয়লেটসহ পানি, বিদ্যুতের সকল সুবিধা। জেলার সদর উপজেলায় ১৩০, শিবগঞ্জে ৭৩৭, গোমস্তাপুরে ৯৫, নাচোলে ২০০ এবং ভোলাহাটে ১৭৫টি গৃহহীন পরিবার ঠাঁই পেয়েছে।

এছাড়াও রাজশাহী বিভাগের ৬৭ উপজেলায় ৭ হাজার ৫৯ টি বাসগৃহ প্রদান করা হয়েছে। হস্তান্তরের সময় লাল-সবুজের নীড় উপহার পাওয়া উপকারভোগী পরিবারগুলো ব্যাপক আনন্দ প্রকাশ করেন। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে বাসগৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ন কবীর খন্দকার, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আ লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির উজ-জামান, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধান ও সুবিধাভোগীরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন