ওয়ার্ড পর্যায় বিস্তৃত হচ্ছে রাসিকের সব সেবা কার্যক্রম
প্রেস বিজ্ঞপ্তি : জনগণের দোরগোড়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের সকল সেবা কার্যক্রম বিস্তৃতির লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পরিচ্ছন্নতাসহ পরিবেশ দুষণরোধে করণীয় বিষয়ে ওয়ার্ড কার্যালয়গুলোকে আরও কার্যকরী ভূমিকা রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবন সিটি হল সভাকক্ষে রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু মহানগরীর ৩০টি ওয়ার্ডের প্রাইমারী ও সেকেন্ডারী ড্রেনের কাদামাটি এক্সাভেটর মেশিন দ্বারা পরিস্কার ও ড্রেনের উপর অবস্থিত অবৈধ স্থাপনা অপসারণ বিষয়ে ওয়ার্ড সচিব ও সুপার ভাইজারদের সমন্বয় সভায় একথা বলেন।
তিনি বলেন, মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বর্তমান পরিষদ দায়িত্ব গ্রহণের পর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নাগরিক সেবার মান বৃদ্ধিতে রাসিকের আয় বৃদ্ধিতে নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পরিবেশ দূষণরোধ, সেবা বিষয়ে অভিযোগ, নাগরিক সেবা জনগণের দোরগড়ায় পৌঁছে দিতে ওয়ার্ড কার্যালয়গুলোকে আরও শক্তিশালী করা হবে। এ বিষয়ে ওয়ার্ড সচিবদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সভায় বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী কমিটির সদস্য ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এফএএম আঞ্জুমান আরা বেগম, ত্রাণ ও দূর্যোগ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর, ওয়ার্ড সচিব ও ওয়ার্ড সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।
