১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

অধ্যক্ষ-এমপি’র একসাথে সংবাদ সম্মেলনে পিটুনির কথা অস্বীকার

প্রকাশিত: ১৪ জুলাই ২০২২, ১০:৩৫ অপরাহ্ণ | বিভাগ: lead
অধ্যক্ষ-এমপি’র একসাথে সংবাদ সম্মেলনে পিটুনির কথা অস্বীকার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। বৃহস্পতিবার(১৪ জুলাই) দুপুরে নগরীর নিউমার্কেট সংলগ্ন থিম ওমর প্লাজায় নিজের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন। এ সময় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজা উপস্থিত ছিলেন। তিনিও মারধরের কোনও ঘটনা ঘটেনি বলে লিখিত বক্তব্যে জানিয়েছেন। সংবাদ সম্মেলনে ওমর ফারুক চৌধুরী দাবি করেন, তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছে।

 

রাজনৈতিক প্রতিপক্ষ ব্যক্তি স্বার্থ হাসিলে মিথ্যা তথ্য দিয়ে প্রচারণা চালিয়েছে। অধ্যক্ষ সেলিম রেজাকে সেদিন কেন চেম্বারে ডাকা হয়েছিলÑএমন প্রশ্নের জবাবে সদস্য সংসদ বলেন, ‘সেলিম রেজা আমার দ্বারা নিয়োগ পেয়েছেন। সে সময় নিয়োগ আমাদের দিয়ে হতো। আর ওইদিন গোদাগাড়ীর ৭-৮ জন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ উপস্থিত ছিলেন। আলোচনা চলাকালে শিক্ষকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমি শুধু তাদের থামানোর চেষ্টা করেছিলাম।’ অধ্যক্ষ সেলিম রেজার শরীরে আঘাতের চিহ্ন সম্পর্কে জানতে চাইলে ওমর ফারুক চৌধুরী বলেন, ‘এটা আমি কীভাবে বলবো! এটা অধ্যক্ষই বলতে পারবেন।’ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিম রেজা বলেন, ‘১৩ জুলাই একটি পত্রিকায় প্রকাশিত নিউজ আমার দৃষ্টিগোচর হয়েছে।

 

 

সেখানে ভিত্তিহীন, মিথ্যা ও কাল্পনিক তথ্য ব্যবহার করা হয়েছে। ওইদিন সাংবাদিক পরিচয় গোপন করে গোয়েন্দা সংস্থার লোক পরিচয় দিয়ে একজন আমার বাসায় আসেন। আমাকে অভিযোগ করার জন্য বিভিন্নভাবে উসকানি দেন এবং ছবি তোলার চেষ্টা করে। আমি ছবি তুলতে দিইনি। আমি কোনও প্রকার অভিযোগ বা মন্তব্য প্রকাশ করিনি। প্রকৃতপক্ষে আমরা কয়েকজন অধ্যক্ষ, উপাধ্যক্ষ ঈদ উপলক্ষে এমপি মহোদয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। একসময় আমাদের নিজেদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এমপি মহোদয় আমাদের নিবৃত্ত করেন। নিজেদের ধাক্কাধাক্কির কারণে আহত হয়ে চিকিৎসকের পরামর্শ নিয়েছি।

 

’ তবে সংবাদ সম্মেলনে শরীরে আঘাতের চিহ্নের বিষয়ে সুস্পষ্ট কোনও ব্যাখ্যা দেননি অধ্যক্ষ সেলিম রেজা। চিকিৎসকের কাছে যাওয়ার বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরক্ষণেই আবার সামান্য দুর্ঘটনায় আহত হয়েছিলেন বলে জানান। এছাড়া সাংবাদিকরা হাতে আঘাতের চিহ্ন দেখতে চাইলে অস্বীকৃতি জানান তিনি। এ সময় ওমর ফারুক চৌধুরী বলেন, ‘এ তো (সেলিম রেজা) সাংবাদিক দেখে নার্ভাস।’ সংবাদ সম্মেলনে গোদাগাড়ীর মাটিকাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুল আউয়াল রাজু বলেন, ‘কোনও অধ্যক্ষের সমস্যা হলে তারা আমাকে বলেন।

 

সেদিনও আমি ফোন দিয়ে ডেকেছিলাম অধ্যক্ষ ফোরামের আলোচনার জন্য। যেখানে কমিটি গঠন ও আয়-ব্যয় নিয়ে আলোচনায় অধ্যক্ষ সেলিম রেজার একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে উত্তেজনা তৈরি হয়। সে সময় সেলিম রেজাকে ধাক্কা দিলে পড়ে যান। এমপি মহোদয় থামাতে গিয়ে আমাকেসহ সেলিম রেজাকেও ধাক্কা দেন। এ সময় পড়ে গিয়ে চেয়ারে আঘাত লেগে থাকতে পারে। এগুলো ধর্তব্য বিষয় না।’ উল্লেখ্য, গত ৭ জুলাই সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী অধ্যক্ষ সেলিম রেজাকে নিজ চেম্বারে ডেকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনা তদন্তে গত বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন