রাজশাহী শহরের চেম্বারে ডেকে অধ্যক্ষকে পেটালেন এমপি ফারুক চৌধূরী, তদন্ত কমিটি
স্টাফ রিপোর্টার : রাজশাহী শহরের অভিজাত ব্যবসা প্রতিষ্ঠান থিম ওমর প্লাজার ব্যক্তিগত চেম্বারে ডেকে গোদাগাড়ী উপজেলার এক কলেজ অধ্যক্ষকে পেটানোর অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে। এদিকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিভিন্ন সূত্রে জানা যায়, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এই সংসদ সদস্য তার কার্যালয়ে গত ৭ জুলাই রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে ‘পিটিয়ে’ আহত করলেও গত মঙ্গলবার বিষয়টি প্রকাশ পায়। অধ্যক্ষ সেলিম রেজা বলছেন, ঘটনার পর থেকে লজ্জায় তিনি বাসা থেকে বের হচ্ছেন না। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হওয়ার পাশাপাশি তিনি এখন আতঙ্কিত। ‘পেটানোর’ পর এমপি ওমর ফারুক দুঃখ প্রকাশ করেছেন বলে ওই কলেজ অধ্যক্ষ দাবি করেছেন।
তবে এমপি ওমর ফারুক পেটানোর অভিযোগই অস্বীকার করেছেন। রাজশাহীর কলেজ শিক্ষক সমিতি এই ঘটনার নিন্দা জানিয়েছেন। আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা বলেছেন, অভিযোগ পেলে খতিয়ে দেখবেন তারা। সংসদ সদস্য ওমর ফারুকের ডাকে ৭ জুলাই রাতে রাজশাহী নগরীর নিউমার্কেট সংলগ্ন ‘ওমর থিম প্লাজা’য় যান গোদাগাড়ী উপজেলার বিভিন্ন কলেজের আট জন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। ওমর ফারুকের মালিকানাধীন ওই বিপণিতে তার একটি কার্যালয় রয়েছে। সেখানেই ঘটে এই কাণ্ড। সেখানে উপস্থিত একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈঠকে ওমর ফারুক প্রথমেই অধ্যক্ষ সেলিম রেজার কাছে জানতে চান, তার কলেজের কতিপয় শিক্ষক আরেক কলেজের অধ্যক্ষ ও দলীয় নেতার স্ত্রীকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলেছেন।
অধ্যক্ষ হিসেবে তিনি কী ব্যবস্থা নিয়েছেন? জবাবে অধ্যক্ষ সেলিম রেজা বলেন, তিনি বিষয়টি জানেন না। যদি এমন কোনো ঘটনার প্রমাণ থাকে, তবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এরপর সংসদ সদস্য তার ফোনের রেকর্ড অন করে কিছু একটা অধ্যক্ষ সেলিমকে শুনতে বলেন এবং তিনি উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে সেলিম রেজাকে ধরে তার বাম চোখের নিচে ঘুষি মারেন। উপর্যুপরি কিল, ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে চেম্বারে থাকা হকিস্টিক দিয়েও আঘাত করেন, বলেন ওই প্রত্যক্ষদর্শী। প্রায় ১৫ মিনিট পরে সেলিম রেজাকে এমপির কার্যালয় থেকে বের করে নিয়ে যান আরেক কলেজের একজন অধ্যক্ষ। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক সাঈদ আহমেদের চেম্বারে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্বজন ও সহকর্মীদের সহায়তায় নগরীর বাসায় ফেরেন সেলিম রেজা। গত মঙ্গলবার বিকালে এ ঘটনা জানাজানির পর স্থানীয় কয়েকজন সাংবাদিক অধ্যক্ষ সেলিম রেজার কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়ায় বাসায় যান। অধ্যক্ষ সেলিম রেজা সাংবাদিকদের বলেন, সোমবার বিকালে সংসদ সদস্যের ঘনিষ্ঠ একজন ইউপি চেয়ারম্যান তার বাসায় গিয়েছিলেন।
তিনি হোয়াটসঅ্যাপে সংসদ সদস্যের সঙ্গে তার কথা বলিয়ে দেন। তিনি বলেন, ফোনে সংসদ সদস্য ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সময় করে অধ্যক্ষকে তার সঙ্গে দেখা করতে বলেন। ৭ জুলাইয়ের বৈঠকে উপস্থিত আরেক অধ্যক্ষ বলেন, কী বলব, কীভাবে বলব, ভাষায় প্রকাশ করতে পারছি না। একজন সংসদ সদস্য এমন কাজ করতে পারেন! ভাবতেই পারছি না। একজন কলেজ অধ্যক্ষকে গরুপেটা করা- কী সাংঘাতিক ঘটনা। কার কাছে বিচার দেব? রাজশাহী জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, একজন সংসদ সদস্যের কলেজ শিক্ষককে এভাবে পেটানোর ঘটনা ন্যাক্কারজনক। তার কোনো অপরাধ থাকলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যেত।
কিন্তু সবার সামনে সংসদ সদস্য একজন অধ্যক্ষকে এভাবে পেটাতে পারেন না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষকদের এই নেতা বলেন, বিষয়টি আমরা মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে এ ঘটনার প্রতিবাদে শিক্ষক সমিতির পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হবে। এই ঘটনার বিষয়ে জানতে গতকাল বুধবার বেশ কয়েক বার ফোন করেও সংসদ সদস্য ওমর ফারুকের বক্তব্য জানতে পারেনি। তবে তাকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদপত্রে বলা হয়েছে, কলেজের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে অনেকেই সেদিনের বৈঠকে গিয়েছিলেন। সেখানে তারাই মারামারি শুরু করছিল। আর সংসদ সদস্য গিয়ে তাদেরকে থামিয়েছিলেন। ঘটনাটি শুনে কথা বলে এমপি ওমর ফারুকের একই বক্তব্য পেয়েছেন বলে জানান রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার। তিনি গতকাল বুধবার বলেন, বিভিন্ন মাধ্যমে এমপি ওমর ফারুক চৌধুরী রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে মারধর করেছেন বলে শুনেছি। শুনার পর আমি এমপির সঙ্গে কথা বলেছি।
এমপি আমাকে বলেছেন, এসব মিথ্যা ভিত্তিহীন খবর। অধ্যক্ষের সঙ্গে কথা হয়েছে কি না- জানতে চাইলে অনিল কুমার বলেন, আমি প্রিন্সিপালেরর সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। যতটুকু জানি, তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলা করবেন। আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, একজন অধ্যক্ষের সঙ্গে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তবে এই ঘটনার জন্য আমাদের কাছে কেউ অভিযোগ দিলে তখন তদন্তসাপেক্ষে মন্তব্য করা যাবে। এর আগে না জেনে কিছু বলা সমীচীন হবে না।
তদন্ত কমিটি : রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনকে আহ্বায়ক করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার অধ্যক্ষ সেলিম রেজাকে মারধরের ঘটনা জানার পরই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।
কমিটিকে যত দ্রুত সম্ভব সরেজমিনে গিয়ে ঘটনা সবিস্তার জেনে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনাও দেন উপাচার্য। উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, অধ্যক্ষকে মারধরের ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা এমপি সাংবাদিকদের বলেন, শিক্ষককে মারধরের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। সে ব্যক্তি যেই হোক, তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে তাকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
