বর্ষায় বৃষ্টি নেই, টানা তাপদাহে হাঁপিয়ে উঠেছে রাজশাহীর মানুষ
স্টাফ রিপোর্টার : রাজশাহী অঞ্চলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। টানা তাপদাহে দুর্বিষহ হয়ে উঠেছে রাজশাহীর জনজীবন। আকাশ থেকে যেন আগুন ঝরছে। তীব্র গরমের দাপটে ছেদ ঘটেছে ঈদ আনন্দেও। মানুষজন প্রাণভরে ঈদের আনন্দ উপভোগ করতে পারছেন না। প্রতিবছর ঈদের দিন সকাল থেকেই রাজশাহীর পদ্মার পাড়সহ বিভিন্ন বিনোদন স্পট লোকে লোকারণ্য থাকলেও এবার সেই চিত্র নেই। ঈদের দিন ও পরের কেবল বিকেলে হলেই এসব এলাকায় লোকজন দেখা যাচ্ছে। বাইরে বের হলেই মনে হচ্ছে অগ্নিকুণ্ড। বৃষ্টি নেই, বাতাসও গরম। তার ওপর ঠিকমতো থাকছে না বিদ্যুৎও! রোদ, গরম আর লোডশেডিংয়ে হাঁপিয়ে উঠেছেন রাজশাহীর মানুষ। ঈদের দিন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। গত সোমবার তাপমাত্রা সামান্য কমলেও গতকাল মঙ্গলবার বেড়েছে। গত সোমবার বিকেল ৩টায় রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ দশমিমক ৩ ডিগ্রি সেলসিয়াস। আর গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে এখনও সূর্যের প্রখরতা বাড়ছে। তাই সন্ধ্যা ৬টার আগে এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার।
রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রেজওয়ানুল হক জানান, ঈদের আগে থেকে রাজশাহীতে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এবার ঈদও কেটেছে বৃষ্টিহীন। বর্ষা মৌসুম শুরু হলেও বৃষ্টি নেই রাজশাহীতে। তাই তাপপ্রবাহ দীর্ঘমেয়াদি রূপ নিয়েছে। মার্চ-এপ্রিলের তীব্র তাপপ্রবাহের পর থেকে রাজশাহীর ওপর দিয়ে কখনও মৃদু আবার কখনও মাঝারি তাপপ্রবাহ বইছে। ভারী বর্ষণ শুরু না হওয়া পর্যন্ত এই তাপপ্রবাহ প্রশমিত হওয়ার আপত কোনো সম্ভাবনা নেই। এক প্রশ্নের জবাবে আবহাওয়া কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন বাতাসের আদ্রতা বেশি থাকায় রাজশাহীতে তীব্র গরম অনুভূত হচ্ছে। ৩৭/৩৮ ডিগ্রি তাপমাত্রা হলেও সেটি ৪০ ডিগ্রির ওপরে অনুভূত হচ্ছে বলেও জানান রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের এই আবহাওয়া কর্মকর্তা। এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার এক পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও শ্রীমঙ্গল জেলাসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহের কারণে সৃষ্ট ভ্যাপসা গরম আরও দুদিন অব্যাহত থাকতে পারে।
এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছুকিছু জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বর্ষণ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে। এদিকে এফএনএস জায়, বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আরও শক্তিশালী হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। গত সোমবার সকাল ছয়টা থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগ ছাড়া সব বিভাগেই হালকা বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। সারাদেশে ৪৩টি অঞ্চলে বৃষ্টি পরিমাপক কেন্দ্রের মধ্যে ২০টিতে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, উড়িষ্যা উপকূলের অদূরবর্তী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ঘণীভূত হতে পারে।
মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছুকিছু জায়গায় এবং ঢাকা, রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া রাজশাহী ও নীলফামারীর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। নাজমুল হক বলেন, গতকাল মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিনদিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। গত সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল সৈয়দপুরে।
