নলডাঙ্গায় মেম্বার খুন
পারিবারিক কলহের জের ধরে নাটোরের নলডাঙ্গায় মো. আবদুল আলিম (৪৫) নামে এক ইউপি সদস্য খুন হয়েছেন। একইসঙ্গে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী রিমা বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আবদুল আলিম উপজেলার মাধনগর গ্রামের মৃত তাহেরের ছেলে। তিনি মাধনগর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। রিমা বেগম নিহত আবদুল আলিমের দ্বিতীয় স্ত্রী ও মাধনগর জোয়ানপুর গ্রামের মৃত আবদুস সালামের মেয়ে। নলডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার মাধনগর জোয়ারপুর গ্রামে তার দ্বিতীয় স্ত্রী রিমা বেগমের সঙ্গে শ্বশুর বাড়িতে মাঝে মধ্যে থাকতেন মাধনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল আলিম। গত সোমবার দিবাগত রাতে ওই বাড়িতে যান তিনি। রাত পৌনে ৩টার দিকে চিৎকার শুনে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে রক্তাক্ত অবস্থায় দু’জনকে পড়ে থাকতে দেখেন। -এফএনএস
তবে সে সময় ঘরের জানালা ভাঙা ছিল। এ সময় ইউপি সদস্যকে মৃত অবস্থায় ও রিমাকে পেটে ছুরিকাঘাত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন পরিবারের সদস্যরা। এ ছাড়া রিমা বেগমকে তারা উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে গতকাল মঙ্গলবার সকালে সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, তার মাথায় হালকা আঘাতের চিহ্ন রয়েছে। কিন্তু কীভাবে ইউপি সদস্য আবদুল আলিম মারা গেছেন সে বিষয়ে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনার রাতে নিহতের শাশুড়ি, শ্যালিকা ও তারা স্বামী-স্ত্রী ওই বাড়িতে ছিলেন। তিনি আরও জানান, এ বিষয়ে তদন্ত চলছে, মামলার প্রস্তুতিও চলছে।
মামলা হলে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ছাড়া গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে নিহতের ছোট ভাই আশিক অভিযোগ করে বলেন, তার বড় ভাই ইউপি সদস্য আবদুল আলিমের মৃত্যু নিয়ে রহস্য আছে। কারণ ভাইয়ের স্ত্রীকে ছুরিকাঘাত অবস্থায় চিকিৎসার জন্য রামেক হাসপাতালে নেওয়া হলেও তার ভাইকে নেওয়া হয়নি। অথচ ওই সময় তার ভাইও আহত অবস্থায় কাতরাচ্ছিলেন ও জীবিত ছিলেন। কিন্তু কেন? কী কারণে তাকে হাসপাতালে নেওয়া হলো না তা বুঝতে পারছেন না। এ ছাড়া ঘরের জানালা ভাঙার বিষয়টিও স্পষ্ট নয়। তিনি আরও বলেন, তার ভাইয়ের মৃত্যুতে অন্য কোনো কারণ রয়েছে। বিষয়টির সঠিক তদন্ত করে ঘটনার আসল রহস্য উদঘাটনসহ ন্যায় বিচার দাবি করেন।
