বিকট শব্দে গান বাজিয়ে পদ্মা সেতুতে ওঠার চেষ্টা জব্দ হলো দুটি পিকআপ
সাউন্ডবক্সে বিকট শব্দে গান বাজিয়ে পদ্মা সেতুতে ওঠার চেষ্টাকালে দুটি পিকআপ জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর থানা মোড় থেকে পিকআপ দুটি জব্দ করা হয়। পদ্মা সেতু উত্তর থানা ওসি আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকট শব্দে গান বাজাতে বাজাতে সেতুতে উঠছিল দুটি পিকআপ। সেখানে থাকা যাত্রীরা গান বাজিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করায় ট্রাফিক পুলিশ পিকআপ দুটি জব্দ করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। -এফএনএস
যানবাহন দুটি বর্তমানে থানায় আছে। তাদের বিরুদ্ধে যথাযথা আইনি ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, একটি পিকআপে থাকা মো. নোমান নামে এক যুবক বলেন, রাজধানী ঢাকার মোহাম্মদপুর থেকে এসেছি। ঈদ উপলক্ষে পদ্মা সেতু দেখার জন্য স্বজনরা মিলে ঘুরতে এসেছি। আনন্দ করার জন্য সাউন্ডবক্স নিয়ে আসছিলাম। আমরা জানতাম না যে সাউন্ডবক্স নিয়ে আসা যাবে না। তাহলে আসতাম না।
