ঈদের ছুটি শেষে অফিস-আদালত খুলেছে
আরা ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারাদেশে তিন দিনের সরকারি ছুটি শেষে মঙ্গলবার (১২ জুলাই) খুলেছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার। গত রোববার দেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা। ঈদ উপলক্ষে ৯, ১০ ও ১১ জুলাই (শনিবার, রোববার ও সোমবার) সরকারি সাধারণ ছুটি ছিল। ঈদের ছুটির আগের দিন শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি। বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ঈদের ছুটি শেষে অফিসপাড়ায় যোগ দিয়েছেন কর্মজীবীরা।
তবে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের কর্মস্থলে ফিরতে আরো কয়েকদিন লাগবে। কারণ অনেকেই ঈদের ছুটির সঙ্গে ঐচ্ছিক ছুটি যোগ করে ঈদ আনন্দ উপভোগ করছেন। এতে আগামী রোববার থেকে (১৭ জুলাই) অফিস-শিল্প কারখানা পাড়ায় প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে। স্বাভাবিকভাবেই ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ার কাজের চাপ কম এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন কর্মজীবীরা। এছাড়া ব্যাংকপাড়ায়ও স্বাভাবিকের চেয়ে লেনদেন কম।
