আড়তে মধ্যরাতে দাম বাড়ায় চামড়া বিক্রেতাদের মুখে খুশির ঝিলিক
আরা ডেস্ক : দেশের সর্ববৃহৎ চামড়ার আড়ত ঢাকার লালবাগের পোস্তায়। এখানকার ব্যবসায়ীরা এবার কাঁচা চামড়া কেনার যে প্রস্তুতি নিয়েছিলেন, তার চেয়ে সরবরাহ এসেছে কম। তাই মজুদ বাড়াতে মধ্যরাতে দর বাড়িয়ে মৌসুমি ব্যবসায়ী আর ফড়িয়াদের কাছ থেকে কিনেছেন তারা। রোববার ঈদের দিন সন্ধ্যায় যে আকারের গরুর চামড়া ৫০০-৬৫০ টাকায় নেমেছিল, সেই মাপের চামড়াই মধ্যরাতে আড়তদাররা ১২০০ টাকা দরে কিনেছেন। মহামারীর মধ্যে গতবছর চামড়ার বাজারে ছিল মন্দা, আড়তদাররা মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে গরুর চামড়া কিনেছিলেন সর্বোচ্চ ৬০০ টাকায়। যেসব মাদ্রাসা, এতিমখানার প্রতিনিধি আর ফড়িয়ারা সারাদিন ঘুরে ঘুরে কাঁচা চামড়া সংগ্রহ করেছেন, মধ্যরাতে দাম বাড়ায় তাদের মুখে ফিরেছে খুশির ঝিলিক।
রাজধানীর পোস্তা, সায়ৈন্স ল্যাবরেটরি, আজিমপুর, কলাবাগান, কাঁঠালবাগান, মগবাজার, যাত্রাবাড়ীতে এমন চিত্রই দেখা গেছে ঈদের রাতে। রোববার সকালে ঈদের নামাজ শেষে রাজধানীর অলি-গলি, সড়ক আর ফুটপাতে কোরবানীর পশু জবাইয়ের পর্ব শুরু হয়। সব মিলিয়ে ঢাকার এবার ১২ লাখের বেশি পশু জবাই হতে পারে বলে দুই সিটির কর্মকর্তাদের ধারণা। সাধারণত স্থানীয় মসজিদ-মাদ্রাসা ও এতিমখানাগুলোর লোকজনই পাড়া মহল্লার বাড়ি বাড়ি ঘুরে দান হিসেবে কাঁচা চামড়া সংগ্রহের কাজটি করেন। আবার কিছু মৌসুমি ব্যবসায়ীও ঈদের দিন চামড়া কিনে নেন। পরে তা বিক্রি করা হয় চামড়ার পাইকারি ব্যবসায়ী আর আড়তদারদের কাছে। পাইকাররা সেই চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণের প্রাথমিক কাজটি সেরে বিক্রি করেন ট্যানারিতে। ট্যানারি কেমন দামে চামড়া কিনবে, তা প্রতিবছর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিছু কিছু ট্যানারি ফড়িয়াদের মাধ্যমে সরাসরি কম দামেও চামড়া সংগ্রহ করে।
সরকারের বেঁধে দেওয়া দর অনুযায়ী, ট্যানারি ব্যবসায়ীদের এবার ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কিনতে হবে ৪৭ থেকে ৫২ টাকায়। আর ঢাকার বাইরে এই দাম হবে ৪০ থেকে ৪৪ টাকা। দুই ক্ষেত্রেই গতবারের চেয়ে দাম বেড়েছে ৭ টাকা। এছাড়া লবণযুক্ত খাসির চামড়া সারাদেশে ১৮ থেকে ২০ টাকায় কিনবে ট্যানারি যা আগেরবারের চেয়ে ৩ টাকা বেশি। ফড়িয়া বা মৌসুমি ব্যবসায়ীরা অবশ্য কোরবানিদাতাদের কাছ থেকে বর্গফুট হিসাবে চামড়া কেনেন না। আকার বুঝে মোটের ওপর একটি দাম তারা দেন। সেখানে কিছু লাভ রেখে তারা পাইকারদের বিক্রি করেন।
আর পাইকাররা নিজেদের লাভ রেখে সরকারের ওই নির্ধারিত দরে বা তার বেশি দামে বিক্রি করেন ট্যানারিতে। সারা বছর যে পরিমাণ কাঁচা চামড়া কেনে ট্যানারিগুলো, তার অর্ধেকের বেশি হয় কোরবানির মৌসুমে। কিন্তু করোনাভাইরাসের মহামারীর কারণে গত দুই বছর চামড়া বাজারে কোরবানির ঈদ কেটেছে নিরানন্দে। এছাড়া আন্তর্জাতিক বাজারে দর কমে যাওয়ায় গতবার চামড়া বেচা-কেনা হয়নি সেরকম। যুদ্ধের জেরে অস্থির বিশ্ব বাজার আর দেশের বাজারে মূল্যস্ফীতির কারণে ঈদের দিন শঙ্কা নিয়েই চামড়া সংগ্রহে নামেন মৌসুমি ব্যবসায়ী আর মাদ্রাসা ও এতিমখানার ছাত্র-শিক্ষকরা। দুপুরের পর থেকে চামড়ার দর আলোচনায় আসে।
