১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

আজ পবিত্র ঈদুল আজহা

প্রকাশিত: ১০ জুলাই ২০২২, ১২:১৫ অপরাহ্ণ | বিভাগ: lead
আজ পবিত্র ঈদুল আজহা
বিজ্ঞাপন

দেশে আজ রোববার (১০ জুলাই) পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এ দিন পবিত্র ঈদুল আজহা’র নামাজ অন্তে কোরবানি করবেন ধর্মপ্রাণ মুসলমানগণ। গত দুই বছর (২০২০ ও ২০২১ সাল) বিধিনিষেধের মধ্যে কেটেছে ঈদুল আজহা। গত ৩০ জুন বাংলাদেশের আকাশে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এ দিনটি ঈদুল আজহা নির্ধারণ করা হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার ঈদুল আজহা উদযাপিত হয়। আর হজ অনুষ্ঠিত হয় গত শুক্রবার। ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এ উৎসবে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে তাদের প্রিয় বস্তু অর্থাৎ পশু কোরবানি করেন। ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সময়ই লাখ লাখ মুসলমান সৌদি আরবের পবিত্র ভূমিতে হজ পালনরত অবস্থায় থাকেন। হাজিরা ঈদের দিন সকালে কোরবানি দেন। করোনার কারণে গত দু’বছর পর এবার বিশ্বের অন্যান্য দেশ থেকে হজ করতে যাওয়ার সুযোগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তবে সংখ্যায় অন্যান্য বছরের অর্ধেক। এবার ঈদে ৯, ১০ ও ১১ জুলাই সরকারি ছুটি। তবে ঈদের ছুটির একদিন ৯ জুলাই পড়েছে শনিবার সাপ্তাহিক ছুটির মধ্যে।

 

করোনাভাইরাস মহামারির কারণে গত দু’বছর (২০২০ ও ২০২১ সাল) বিধিনিষেধের মধ্যে কেটেছে ঈদুল আজহা। তবে সংক্রমণ একেবারে কমে যাওয়ায় গত ঈদুল ফিতর কেটেছে অনেকটা স্বাভাবিক অবস্থার মধ্যে। সবার প্রত্যাশা ছিল একইভাবে কাটবে কোরবানির ঈদও, কিন্তু সাম্প্রতিক সময়ে সংক্রমণের হার ফের ঊর্ধ্বমুখী। এরইমধ্যে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার নির্দেশনা দিয়েছে সরকার। মসজিদে নামাজ আদায়ের বিষয়েও দেওয়া হয়েছে নানা বিধিনিষেধ। তবে যানবাহন চলাচলের ওপর যেহেতু বিধিনিষেধ আরোপ করা হয়নি। স্বাভাবিক সময়ের মতো গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছাড়েন অসংখ্য মানুষ। এতে ফাঁকা হয়ে পড়ে ঢাকা। উল্টোদিকে সড়ক-মহাসড়কে তীব্র যানজট, ট্রেনের শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েন মানুষ। তার পরেও খুশির ঈদ তাই দুর্ভোগ হলেও নাড়ীর টানে বাড়ী ফেরায় থাকে প্রাণের উচ্ছাস। -এফএনএস

 

রাষ্ট্রপতি শুভেচ্ছা : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম ভাইবোনদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। ১০ জুলাই পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল-আজহা। ঈদুল-আজহা উৎসবের সাথে মিশে আছে চরম ত্যাগ ও প্রভুপ্রেমের পরাকাষ্ঠা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইলকে (আ:) কুরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ:) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে অতুলনীয়। রাষ্ট্রপতি বলেন, কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দু:খ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। তিনি বলেন, বিগত দু’টি বছর বাংলাদেশসহ গোটা বিশ্ব করোনা মহামারির বিভীষিকার মধ্যেই ঈদুল-আজহা উদযাপন করেছে।

 

বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসলেও ভবিষ্যৎ সংক্রমণ বৃদ্ধি রোধে যথাযথ সাবধানতা অবলম্বনের প্রয়োজনীয়তা রয়েছে। করোনা মহামারি ও বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ-সংঘাতের কারণে বিশ্বব্যাপী মূল্যস্ফীতি উর্ধ্বমুখী। এ প্রেক্ষাপটে বিশ্বব্যাপী নিম্নআয়ের মানুষ নানা সীমাবদ্ধতার মাঝে দিনাতিপাত করছে। তারাও যাতে ঈদের আনন্দ হতে বঞ্চিত না হয় এবং ঈদোৎসবে শামিল হতে পারে সেলক্ষ্যে তিনি দেশের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানান। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলিত হলেই সমাজে প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য উল্লেখ করে তিনি বলেন, মহান আল্লাহর নিকট কুরবানি কবুল হওয়ার জন্য শুদ্ধ নিয়ত ও বৈধ উপার্জন থাকা আবশ্যক। সরকার নির্ধারিত স্থানে কুরবানি করে এবং কুরবানির বর্জ্য অপসারণের মাধ্যমে পরিবেশ দুষণ বন্ধে সকলে সচেষ্ট থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, পবিত্র ঈদুল-আজহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ।

 

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল-আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন। তিনি বলেন, আমি প্রত্যাশা করি, প্রতিবারের মতো এবারও ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে সুখ ও আনন্দের বার্তা বয়ে আনবে। প্রধানমন্ত্রী ১০ জুলাই পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে গতকাল শুক্রবার দেয়া এক বাণীতে এ আহবান জানিয়ে পবিত্র ইদুল-আজহা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানান।

 

রাসিক মেয়রের শুভেচ্ছা : এক প্রেস বিজ্ঞপ্তিতে রাজশাহী মহানগরবাসীসহ সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এক বাণীতে এই শুভেচ্ছা জানান মেয়র। বাণীতে মেয়র বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীবাসীসহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।

 

এমপি এনামুলের শুভেচ্ছা : মচমইল থেকে সংবাদদাতা জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে বাগমারাবাসীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি এক শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা। বছর ঘুরে খুশি আর আনন্দের বারতা নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-আযহা। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত তিনটি বছর ভিন্ন আঙ্গিকে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত হয়েছে। তবে এ বছর কিছুটা স্বস্তিতে ঈদ-উল-আযহার নামাজ আদায় করবে ধর্মপ্রাণ মুসল্লিরা। নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ স্বার্থে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজে অংশ নিতে এবং ঈদ উদযাপনের আহ্বান জানান তিনি।

 

তিনি বলেন, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকলকে। সমাজের নিম্নবিত্ত মানুষের পাশে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস বিলিয়ে দিয়ে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করার অনুরোধ জানিয়েছেন। সেই সাথে সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদ-উল-আযহার প্রতিফলন হোক এই আহ্বান জানান তিনি। সকল শ্রেণী পেশার মানুষের সুস্থতা ও কল্যাণ কামনা করে সকলকে ঈদের শুভেচ্ছা জানান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন