১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী-চাঁপাইয়ের তিন শীর্ষ মাদক সম্রাট সিরাজগঞ্জে হেরোইনসহ আটক

প্রকাশিত: ৪ জুলাই ২০২২, ৬:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহী-চাঁপাইয়ের তিন শীর্ষ মাদক সম্রাট সিরাজগঞ্জে হেরোইনসহ আটক
বিজ্ঞাপন

বিশেষ অভিযান চালিয়ে সিরাজগঞ্জে আড়াই কোটি টাকার হেরোইনসহ রাজশাহী-চাঁপাইয়ের তিন শীর্ষ মাদক সম্রাটকে আটক করেছে র‌্যাব-১২। সে সময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে র‌্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর কাজী আলমগীর হোসেন (এসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। -এফএনএস

 

আটক ব্যক্তিরা হলো- রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ গ্রামের শামসুল হুদার ছেলে রাশিদুল হক মণি (২২) এবং ব্রাহ্মণ গ্রামের কামাল উদ্দিনের ছেলে কামরুজ্জামান রনি (২৩), চাঁপাইনবাবগঞ্জের হরমা গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিল আহমেদ (২০)। প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। সে সময় দুই কেজি ৬৩০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।

 

এ সময় মাদক কেনা-বেচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, চারটি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ২শ’ টাকা জব্দ করা হয়। উদ্ধার হেরোইনের আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা। র‌্যাব আরও জানায়, এই মাদক কারবারিরা আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন