মানুষের সেবা করাটাই আমাদের আদর্শ : প্রধানমন্ত্রী
এফএনএস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যখনই বাংলাদেশের মানুষ সমস্যায় পড়েছে তখনই ঝাঁপিয়ে পড়েছে আওয়ামী লীগ। সহযোগিতা করেছে। এবার সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় বানভাসিদের পাশে আগে গেছে আওয়ামী লীগ। সাহায্য করেছে। এভাবেই মানুষের সেবা করা আমাদের দায়িত্ব। মানুষের সেবা করাটাই আমাদের আদর্শ। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দলটি এমন সময় প্রতিষ্ঠিত হয়েছিল, যখন পাকিস্তানিদের বৈরী মনোভাব আমাদের পূর্ব বাংলার মানুষের প্রতি ছিল। তারা আমাদের মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। তারই প্রতিবাদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৮ সাল থেকে ভাষা আন্দোলন শুরু করেছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন ছাত্রলীগ। ১৯৪৯ সালে আওয়ামী লীগ সৃষ্টি হয়। সৃষ্টিলগ্ন থেকেই এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে আওয়ামী লীগ। দলটির প্রতিষ্ঠার সঙ্গে জড়িতদের স্মরণ করে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের সংগঠন।
জন্মলগ্ন থেকেই শোষিত-বঞ্চিত ও নির্যাতিত মানুষের জন্য কাজ করে গেছে সংগঠনটি। আর এই সংগ্রাম করতে গিয়ে দলের বহু নেতাকর্মীকে জীবন দিতে হয়েছে। আজকের দিনে আমি তাদের সবাইকে স্মরণ করি। যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। আগামীতে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমি পরিকল্পনা করে দিয়ে যাচ্ছি। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে কেউ থামাতে পারবে না। তিনি বলেন, বাবা-মা-ভাই-বোন সব হারিয়ে দেশে এসেছিলাম। সেসময় আওয়ামী লীগ আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছিল। এদেশের জনগণের আশ্রয়ে এসেছিলাম আমি। তাদের মাঝে আমি খুঁজে পেয়েছিলাম আমার হারানো বাবার স্নেহ, হারানো মায়ের স্নেহ, হারানো ভাইয়ের স্নেহ। তাই এদেশের মানুষের জন্য যে কোনো ত্যাগ করতে সব সময় প্রস্তুত আমি।
এদিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার দল প্রতিষ্ঠালগ্ন থেকেই জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাওয়ায় দেশের মানুষের কাছে নৌকা ছাড়া আর কোনো বিকল্প নেই। তিনি বলেন, তারা (দেশবাসী) জানে নৌকা আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক এবং নৌকা ছাড়া তাদের গতি নাই। কেননা, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে নিজের ভাগ্য গড়ার জন্য নয়, বরং অনেক মানুষের ভাগ্য গড়তে এবং জন্মলগ্ন থেকে সেই আদর্শ নিয়েই রাজনীতি করে যাচ্ছে। তিনি সকলের অংশগ্রহণমূলক নির্বাচন বিষয়ে বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেন, নেতৃত্ব শূন্য কোন দল নির্বাচন করবে আর জনগণ ভোট দেবে কি দেখে। ঐ চোর, ঠকবাজ, এতিমের অর্থ আত্মস্যাৎকারী অথবা খুন, অস্ত্র চোরাকারবারী, সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে জনগণ ভোট দেবে দেশ পরিচালনার জন্য? তারাতো তা দেবে না।
বাংলাদেশের মানুষ এ ব্যাপারে যথেষ্ট সচেতন। প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার সকালে দলের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে এ কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের সাহায্যে দলীয় কার্যালয় ২৩, বঙ্গবন্ধু এভেনিউ এর মূল অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হন। শেখ হাসিনা বলেন, আমরা পদ্মা সেতু করেছি নিজেদের অর্থে অথচ এটা নিয়ে বিএনপি প্রশ্ন তোলে, যাদের আপাদমস্তক দুর্নীতিতে ভরা তারা আবার প্রশ্ন তোলে কোন মুখে? সে প্রশ্নও তিনি উত্থাপন করেন। প্রধানমন্ত্রী বলেন, ওরাতো কিছুই করে যেতে পারেনি। জাতির পিতা তাঁর প্রথম জাপান সফরে যে যমুনা সেতু করার উদ্যোগ নেন সেটা তাঁকে হত্যার পর ক্ষমতায় আসা জিয়াউর রহমান বন্ধ করে দেন। পরে এরশাদ ক্ষমতায় এসে আবার উদ্যোগ নেন সেতুটি করার।
কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় আসার পর সেতুর কাজ খুব বেশি এগোতে পারেনি কারণ সবজায়গায় তাদের ছিল কমিশন খাবার অভ্যেস। মায়ের জন্য, দুই ছেলের জন্য, ফালুর জন্য-অমুক-তমুককে ভাগে ভাগে দিতে দিতে সেখানে আর কেউ কাজ করতে পারতো না। ’৯৬ সালে সরকারে এসে আওয়ামী লীগ এই যমুনা সেতুর সঙ্গে রেল লাইন, বিদ্যুত ও গ্যাসের লাইন জুড়ে দিয়ে একে বহুমুখী করেছে। তাঁর সরকার সে সময় বিশ্ব ব্যাংকের পরামর্শ না শুনে সেখানে যে রেললাইন সংযুক্ত করে পরবর্তীকালে সেটাই সবথেকে লাভজনক প্রতীয়মান হয়। যে কারণে নতুন একটি ডেডিকেটেড রেল সেতু করার জন্য তারা আবারও ফিরে আসে। বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দানকারি সংগঠন আওয়ামী লীগ এদেশের পল্লী প্রকৃতি এবং মাটি ও মানুষের কল্যাণ যতটা উপলব্ধি করতে পারে আর কেউ ততটা বুঝবে না। কারণ, তাদের মনে এখনো রয়ে গেছে ‘পেয়ারা পাকিস্তান’।
তাছাড়া, জিয়া, খালেদা এমনকি এরশাদ কারো জন্মই বাংলাদেশে নয়। যেমনটি তিনি এবং জাতির পিতা এই মাটিরই সন্তান, বলেন তিনি। মাটির টানে, নাড়ীর টানেই তাঁরা এদেশের মানুষের ভাগ্য বিনির্মাণে কাজে লেগেছেন উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের আদর্শই হচ্ছে জনগণের সেবা করা। আলোচনা সভায় সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য এবং সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বক্তৃতা করেন।
