রাজশাহী-কক্সবাজার সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর প্রচেষ্টায় ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে চালু হতে যাচ্ছে রাজশাহী টু কক্সবাজার সরাসরি ফ্লাইট। গত বুধবার ২২ জুলাই বিকেলে বনানী, ঢাকা নভোএয়ার কর্পোরেট অফিসে এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা বৈঠকে প্রতি সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার নভোএয়ার এর একটি ফ্লাইট রাজশাহী-কক্সবাজার রুটে চলাচল করার কথা জানিয়েছেন নভোএয়ার কর্তৃপক্ষ। রাজশাহীবাসীর বিমান যোগাযোগের ব্যবস্থাপনা আরোও উন্নতিকরণ এবং যাত্রীসেবা নিশ্চিত করার প্রসঙ্গে ফলপ্রসূ আলোচনা করা হয় এবং অক্টোবর ২০২২ হতে রাজশাহী থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, নভো এয়ারের চেয়ারম্যান ফাইজুর রহমান বাদল, ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান ও মার্কেটিং ম্যানেজার মেসবা।
