জুয়েল রানা, মোহনপুর : সারাদেশের প্রতি জেলা ও উপজেলায় একটি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় মোহনপুর উপজেলা মডেল মসজিদ নির্মাণ ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়। গতকাল রবিবার সকাল ১০ টায় মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার সাঁকোয়া-বাকশৈল কামিল মাদ্রাসার সামনে প্রস্তাবিত উপজেলা মডেল মসজিদ ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী-৩(পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিন। মডেল মসজিদ ১৩ কোটি ৮০ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে।
এসময় এমপি আয়েন উদ্দিন তার পক্ষ থেকে উপজেলার শীতার্ত অসহায় দারিদ্র মানুষের মাঝে চাদর বিতরণ করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমপি আয়েন উদ্দিন তার বক্তব্যে বলেন, ‘নৌকায় ভোট দিলে ছোয়াব পাওয়া যাবে।’ ইসলামি ফাউন্ডেশন তৈরি করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের এমন কোনো মসজিদ মাদ্রাসা নাই যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতা পায়নি। আজ রাষ্ট্রের নিজ তহবিল থেকে প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করে দিচ্ছেন।
যেখানে হাজার হাজার মুসলমান নামাজ পড়বেন, হাজার হাজার ছেলে-মেয়ে কোরআন চর্চা করবে। আজ বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এসকল উন্নয়ন সম্ভব। তাই ৩০ জানুয়ারি কেশরহাট পৌরসভার নির্বাচনে নৌকা মার্কায় সকলকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোঃ আব্দুস সালাম, উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেন, এসিল্যান্ড জাহিদ বিন কাশেম, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ
মফিজ উদ্দিন কবিরাজ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্যানেল মেয়র রুস্তম আলী, জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কেশরহাট পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুক্তা। এসময় বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ারুল হক হেনা, পৌর আওয়ামী লীগের সহসভাপতি কামরুজ্জামান রানা, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান মন্ডল,পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক
শাহিনুর রহমান শাহিন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল কালাম, কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাঁকোয়া বাকশৈল কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ আব্দুল কাদের। উল্লেখ্য, এই মসজিদে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গণশিক্ষাকেন্দ্র, মৃত ব্যক্তির গোসল করানোর স্থান, ইসলামিক চর্চাকেন্দ্র, মহিলা ও পুরুষের পৃথক নামাজের স্থানসহ নানা সুবিধা থাকবে। এটি নির্মাণে ব্যয় হবে ১৩ কোটি, মাদরাসা ভবন নির্মানে ৮৮ লক্ষ টাকা। গণপূর্ত বিভাগ নির্মাণ কাজ বাস্তবায়ন করবে।