১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাসিকের ১৭০০ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: ১৭ জুন ২০২২, ১১:১১ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাসিকের ১৭০০ কোটি টাকার বাজেট ঘোষণা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : আয় ও ব্যয় সমপরিমাণ ধরে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০২২-২৩ অর্থবছরের ১ হাজার ৭ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা দেন রাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ও মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরআগে সকালে সিটি কর্পোরেশনের বিশেষ সাধারণ সভায় ২০২১-২০২২ অর্থবছরের সংশোধিত বাজেট ও ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়। সংবাদ সম্মেনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী ও শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন রাসিক মেয়র।

সংবাদ সম্মেলনে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ২০২১-২০২২ অর্থ বছরে বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ১০৮০ কোটি ২২ লক্ষ ৮৯হাজার ৫৩৬ টাকা ১৭ পয়সা মাত্র। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়িয়েছে ৭৬৯ কোটি ০২ লক্ষ ৯৪ হাজার ৭৪৪ টাকা ৩৬ পয়সা মাত্র। বাজেট বাস্তবায়নের হার ৭১% এর বেশি। যা ইতোপূর্বে কখনও হয়নি। এদিকে আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ২০২২-২০২৩ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৭ কোটি ১৯ লক্ষ ৬৯ হাজার ৩২৩ টাকা ১০ পয়সা মাত্র।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্বগ্রহণের পর থেকে আমি ও আমার পরিষদ নির্বাচনী প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়ন এবং রাজশাহীকে সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক, উন্নত, বাসযোগ্য ও মডেল মহানগরী হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিগত চার বছর নিরলস পরিশ্রম করে রাজশাহী মহানগরীকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরীরূপে গড়ে তোলার স্বীকৃতিস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে রাজশাহী সিটি কর্পোরেশনকে পরিবেশ পদক-২০২১ প্রদান করে পুরস্কৃত করেছেন। এ গৌরব সমগ্র মহানগরবাসীর। আমি ইতোমধ্যে পদকটি প্রিয় রাজশাহীবাসীকে উৎসর্গ করেছি।

নগরীর উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সংবাদ সম্মেলনে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ১৬৪ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে আলুপট্টি মোড় হতে তালাইমারী মোড় পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক চারলেন সড়কে উন্নীত, ১৮৯ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে বিমান চত্বর হতে বিহাস পর্যন্ত ৬.৭৯৩ কিলোমিটার ফোরলেন সংযোগ সড়ক, ১২৬ কোটি ৩৯ লাখ ব্যয়ে উপশহর মোড় হতে মালোপাড়া, রাণীবাজার মোড় হয়ে সাগরপাড়া বটতলা মোড় পর্যন্ত সড়ক, নগরীর বিলসিমলা থেকে কাশিয়াডাঙ্গা সড়ক ফোরলেনে উন্নীত করা হয়েছে। সড়কটির উভয় পাশে দৃষ্টিনন্দন ফুটপাথ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। দৃষ্টিনন্দন সড়ক বাতি স্থাপন করা হয়েছে। সড়কের আইল্যান্ডে বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্য্যবৃদ্ধি করা হচ্ছে। ক্ষতিগ্রস্থ বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর সরণি সড়কটির রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হয়েছে। সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চলমান উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ২৯৩১ কোটি ৬১ লক্ষ ৮১ হাজার টাকা ব্যয় সাপেক্ষে ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর উন্নয়নে ১২১৫ কোটি ২৬ লাখ টাকার টেন্ডার আহ্বান করা হয়েছে।

ইতোমধ্যে ১০৪০ কোটি ৫৮ লাখ টাকার কার্যাদেশ প্রদান করা হয়েছে। প্রকল্পের আওতায় চলমান কাজের সামগ্রিক অগ্রগতি ৫৫%। অবশিষ্ট কাজ আগামী অর্থবছরের মধ্যে শেষ হবে বলে আশা করা যায়। মহানগরীর ৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্থ ও নতুন রাস্তা এবং নর্দমা নির্মাণ কাজ চলমান রয়েছে। সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধু ম্যুরাল নির্মিত হয়েছে। মহানগরীর যানজট নিরসনে ভদ্রা, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্ত্বর, বর্ণালী, নতুন বিলসিমলা, বহরমপুর, রাজশাহী কোর্ট এবং নতুনপাড়া রেলওয়ে ক্রসিং-এ বহুমুখী ব্যবহার উপযোগী ফ্লাইওভার নির্মাণের নক্সা প্রণয়নের কাজ শেষে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে। প্রকল্পের আওতায় ২৫০ কি.মি. কর্পোটিং সড়ক, ২৬৫ কি.মি. সিমেন্ট কনক্রিট সড়ক, ৩৫৬ কি.মি নর্দমা, ১০৪ কি.মি ফুটপাত নির্মাণ কাজ বাস্তবায়িত হবে। এর মধ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে নতুন কার্পেটিং রাস্তা ৯৯কি.মি., কার্পেটিং রাস্তা পূনঃ নির্মান ১০৭ কি.মি. কার্পেটিং রাস্তা প্রশস্তকরণ ৪৫ কি.মি, নতুন সিমেন্ট কনক্রিট ১৮৫ কি.মি. সিমেন্ট কনক্রিট পূন:নির্মাণ ৮০ কি.মি এবং প্রাইমারী ড্রেন ৪.৫ কি.মি. সেকেন্ডারী ড্রেন ৬০ কি.মি. টারসিয়ারী ড্রেন ২৯২ কি.মি. নির্মাণ কাজ এগিয়ে চলেছে।

প্রকল্পের আওতায় গোরস্থানসমূহের অবকাঠামো উন্নয়ন, ৪টি কাঁচা বাজার, কেন্দ্রীয় শহীদ মিনার, নিরাপদ চলাচলে ফুটপাথ নির্মাণ, প্রাকৃতিক জলাশয় সমূহের উন্নয়ন, ওয়াকওয়ে নির্মাণ, গণশোচাগার নির্মাণ, ১০টি ফুটওভার ব্রীজ ইত্যাদি অবকাঠামো নির্মাণ কাজ বাস্তবায়নে দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে। ৪টি ওয়ার্ড কার্যালয়-কাম কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে। ইতোমধ্যে ৬নং ওয়ার্ড কার্যালয় কাম কমিউনিটি সেন্টার নির্মাণের টেন্ডার আহবান করা হয়েছে। মিঞাপাড়া পাবলিক লাইব্রেরী ও ধর্ম্মসভার অবশিষ্ট কাজের টেন্ডার আহবান করা হয়েছে। প্রকল্পের আওতায় ৯৩ কোটি ৪৮ লাখ ব্যয়ে তালাইমারী মোড় হতে কাটাখালী বাজার পর্যন্ত ৬ লেন সড়ক, ৪৪ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে বন্ধগেট হতে সিটি হাট সড়ক চারলেনে উন্নীতকরণ ও ভদ্রা মোড় নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ চারলেন সড়কের নির্মাণ। ৪ দশমিক ১৭ কিলোমিটার সড়কের নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬৯ কোটি ৭৮ লাখ টাকা। সড়কটি প্রশস্ত হবে ৮০ ফুট। ফোরলেনের সড়ক ছাড়াও দুই লেনের অযান্ত্রিক যানবাহন লেন, সড়ক বিভাজক ও দুইপাশে ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হবে। সড়কগুলোর আইল্যান্ডে সৌন্দর্য্য বৃদ্ধিতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা হবে। সড়কটি নির্মাণে অত্র এলাকার আর্থসামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে।

প্রকল্পের আওতায় ৪০ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে বুধপাড়া রেলক্রসিং এ অবশিষ্ট দুই লেনের ফ্লাইওভার নির্মাণ কাজ চলছে। ফ্লাইওভার নির্মাণ কাজের অগ্রগতি ৫৫%। তিনি আরো বলেন, ২৪ কোটি ৮৪ লাখ ২৭ হাজার টাকার ‘হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফের উন্নয়ন প্রকল্প’ অনুমোদিত হয়েছে। ইসলামী ঐতিহ্য সংরক্ষণ ও ধর্মযাজক হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফের অবকাঠামো উন্নয়নের মাধ্যমে ভক্ত আসেকান ও মুসল্লিগণের নামাজ আদায়সহ অন্যান্য ধর্মীয় উপাসনা নির্বিঘ্নে পালনের সুবিধার্থে দরগাহ শরীফের উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে। ২৪ কোটি ৮৪ লাখ ২৭ হাজার টাকার শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফের উন্নয়ন প্রকল্পের আওতায় মসজিদ ও মাজার কমপ্লেক্স নির্মাণে স্থাপত্য নক্সা ও প্রকৌশল নক্সা প্রণয়ন ও নির্মাণ তদারকিতে পরামর্শক নিয়োগ, ৪ তলা মাজার কমপ্লেক্স-এর প্রশাসনিক ভবন নির্মাণ, ৪ তলা মিনারসহ মসজিদ নির্মাণ, মাজার নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণ, প্রবেশ গেইট নির্মাণ ও ল্যান্ড স্কেপিং করা হবে। ইতোমধ্যে এটির জন্য পরামর্শক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। প্রস্তাবিত নতুন প্রকল্পের ব্যাপারে রাসিক মেয়র লিটন বলেন, ৩০ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর সমাধিসৌধ নির্মাণ প্রকল্প, ১২০৯ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয়ে নগরীর ২২টি জলাশয়সমূহকে সম্ভাব্য ভরাট রোধকল্পে ভূমি অধিগ্রহণ করে সংরক্ষণ উন্নয়ন ও ১৪৬৫ কোটি ১৮ লক্ষ টাকা ব্যয়ে ‘রাজশাহী মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। প্রকল্পটি তিনটি অনুমোদনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিভিন্ন উন্নয়ন ও জনকল্যানমুখী কার্যক্রম তুলে ধরে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে সিআরপি প্রতিষ্ঠায় ১৫ বিঘা জমিদান, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবার উন্নয়ন, সিটি হাসপাতাল চালু, প্রশস্তকৃত সড়ক আলোকায়ন, যানজট কমাতে অটোরিকশা নিয়ন্ত্রণ, ডিজিটাল কার্যক্রম, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, ক্রীড়া ও সংস্কৃতিতে উন্নয়ন, পিপিপির মাধ্যমে বাণিজ্যিক ভবন নির্মাণ, বিরতিহীন বনলতা ট্রেন ট্রেন চালু করা হয়েছে। এছাড়া ড্রেজিংও মাধ্যমে ভারতের মুর্শিবাদের ধূলিয়ান থেকে রাজশাহী হয়ে পাবনার ঈশ^রদী পর্যন্ত নৌরুট চালু ও নৌবরন্দ প্রতিষ্ঠা, রাজশাহী-আব্দুলপুর রেলপথ ডাবল লাইনে উন্নীত এবং শাহ মখদুম বিমানবন্দর সম্প্রসারণ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া নতুন কবরস্থান ও ঈদগাহ প্রতিষ্ঠার উদ্যোগ, প্রস্তাবিত রাজশাহী সিটি মিউজিয়াম, রাজশাহী সিটি লাইব্রেরি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের সাথে আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগে আন্তর্জাতিক সম্পর্ক শাখা খোলা হয়েছে। এই শাখার মাধ্যমে বিভিন্ন দাতা সংস্থার সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের রাজশাহীতে বিনিয়োগের ব্যাপারে আগ্রহী করা হচ্ছে।

শিল্পায়ন ও কর্মসংস্থানের বিষয়ে রাসিক মেয়র বলেন, মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীতে তিনটি শিল্পাঞ্চল অনুমোদন দিয়েছেন। এরমধ্যে বিসিক কর্তৃক বিসিক শিল্পনগরী-২ বাস্তবায়ন শেষ পর্যায়ে। এখানে প্রকৃত উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দেওয়া হবে। প্রকল্পটির কাজ শেষ হলে সেখানে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে। বিশেষ অর্থনৈতিক জোন ও চামড়া শিল্পপার্ক প্রতিষ্ঠা করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দেশের বড় বড় শিল্প গ্রুপকে রাজশাহীতে বিনিয়োগে তাদের সাথে আলাপ-আলোচনা চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক পুরোপুরি চালু হলে সেখানে ১৪ হাজারের অধিক তরুণ-তরুণীর কর্মসংস্থান হবে। এছাড়া রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয় ও বিকেএসপি প্রকল্প বাস্তবায়নের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং প্রকল্পের পাশর্^বর্তী এলাকাসমূহে নতুন নতুন অবকাঠামো নির্মাণের ফলে শহর আরো বিকশিত ও কর্মমুখর হবে। ইতোমধ্যে নগরীতে ব্যাপক অবকাঠামো নির্মিত হওয়ায় ব্যবসা-বাণিজ্যের প্রসার ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন