রোহিঙ্গাদের ফেরাতে জোর প্রচেষ্টা
এফএনএস : মিয়ানমারকে ৮ লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য দেওয়া হয়েছে। তবে, তারা শুধুমাত্র ৫৮ হাজার রোহিঙ্গাকে যাচাই করেছে। গতকাল বুধবার রাজধানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ কথা বলেন। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিতের স্মরণসভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন জানান, ভারত আমাদের গম দেবে। তারা গম দেওয়ার জন্য রাজি হয়েছে। তিনি বলেন, দিল্লিতে যৌথ পরামর্শক সভায় (জেসিসি) দুই দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সেখানে জ¦ালানি নিরাপত্তা ইস্যুতে আমরা এবার জোর দিচ্ছি। এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, জেসিসি বৈঠকের আগে যৌথ নদী কমিশনের বৈঠক না হলেও পানি বন্টন ইস্যুতে আলোচনা হবে। উল্লেখ্য, জেসিসি বৈঠকে যোগ দিতে আগামী ১৮ জুন দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে মিয়ানমারের রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে মানবিক বিবেচনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে জাতিসংঘের প্রতি জোর দাবি জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রচেষ্টা জোরদারে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। গত মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে এক ভাষণে এ আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। রাবাব ফাতিমা বলেন, মিয়ানমারে তাদের নিরাপদ, টেকসই এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মধ্যেই রোহিঙ্গা সংকটের সবচেয়ে টেকসই সমাধান নিহিত। বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্বিপাক্ষিক প্রত্যাবর্তন ব্যবস্থার দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার জন্য বিশেষ দূতের প্রতিও আহ্বান জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, রাখাইন থেকে বাস্তুচ্যুত হয়ে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার পাঁচ বছর অতিবাহিত হয়েছে।
এখনো একজন রোহিঙ্গাও স্বদেশে ফিরতে পারছে না, তাদের মধ্যে ১২ লাখ বাংলাদেশে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। রাষ্ট্রদূত ফাতিমা বলেন, মিয়ানমারে যারা অবশিষ্ট আছে, তারা হয় আইডিপি ক্যাম্পে অথবা জোরপূর্বক বাস্তুচ্যুত ও নিরাপত্তাহীনতার ক্রমাগত হুমকির মধ্যে রয়েছে। রাষ্ট্রদূত জাতিসংঘ, বিশেষ করে নিরাপত্তা পরিষদকে সঙ্কটের মূল কারণগুলোর নিরসনসহ জরুরীভিত্তিতে এ ধরনের ঘটনার পুনরাবৃিত্তরোধ ও রোহিঙ্গা সংকটে সাড়া দেওয়ার আহ্বান জানান।
এছাড়া মিয়ানমারে সবধরনের লঙ্ঘন ও অপব্যবহারের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ওআইসির পক্ষ থেকে গাম্বিয়ার দায়ের করা মামলায় আন্তর্জাতিক আদালতের (আইসিজে) জারি করা অস্থায়ী ব্যবস্থাগুলো মেনে চলার বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান ফাতিমা। বিশেষ দূত তার ব্রিফিংয়ে মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যা রোহিঙ্গা মুসলিমসহ বেসামরিক নাগরিকদের ওপর প্রভাব নিয়ে অস্থিতিশীল রয়েছে। বাংলাদেশ সরকারের উদারতার কথা স্বীকার করে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের প্রতি তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন। তিনি মিয়ানমারে তার ভবিষ্যত কর্মপরিকল্পনা জানিয়ে বলেন, তার কর্মপরিকল্পনা সবস্তরের শান্তি, উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডে সঙ্গে জড়িত বহুমুখী পদ্ধতির প্রতিনিধিত্ব করে।
