১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মান্দায় মহাসড়কে বেরিকেড দিয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টা

প্রকাশিত: ১৪ জুন ২০২২, ৯:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
মান্দায় মহাসড়কে বেরিকেড দিয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টা
বিজ্ঞাপন

মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় মহাসড়কে বেরিকেড দিয়ে এক তরুণীকে (২১) অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ভোলাবাজার মোড়ের অদুরে এ ঘটনা ঘটে। এসময় মহাসড়কে চলাচলরত বাসের যাত্রীরা ওই তরুণীকে অপহরণকারীদের কবল থেকে উদ্ধার করেন। ভুক্তভোগী তরুণী নওগাঁ সদর উপজেলার বাসিন্দা। সোমবার নিজ বাড়ি থেকে ভগ্নিপতি ও বোনের সঙ্গে একই মোটরসাইকেলে নিয়ামতপুর উপজেলায় বোনের বাড়ি যাচ্ছিলেন। ঘটনায় শিকার ওই তরুণী তাঁর আত্মীয়দের নিয়ে বর্তমানে মান্দা থানায় অবস্থান করছেন।

ভুক্তভোগী ওই তরুণী জানান, ‘দীর্ঘদিন ধরে মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের মংলাপাড়া গ্রামের তাপস কুমার নামে এক যুবক বিভিন্নভাবে তাঁকে উত্যক্ত করছিলেন। তাঁর পরিবারকে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। গতকাল রোববার মৈনম বাজার এলাকায় এক ছেলের সঙ্গে আমার আশীর্বাদের দিন ছিল। কিন্তু তাপস কুমার জামাইদের বাড়ি গিয়ে হুমকি-ধামকি দিয়ে বিয়েটি ভেঙে দেন।’ ভুক্তভোগী তরুণীর বোন বলেন, বোনের জামাইকে আশীর্বাদের জন্য স্বামীকে সঙ্গে নিয়ে গত শনিবার বাবার বাড়িতে যাই। এদিন ছেলে পক্ষ হুমকির অভিযোগ তুলে আশীর্বাদের অনুষ্ঠান বাতিল করে দেন। বিয়ে ভেঙে যাওয়ায় সোমবার বোনকে সঙ্গে নিয়ে একই মোটরসাইকেলে শ্বশুর বাড়ি ফিরছিলাম।

তিনি আরও বলেন, পথে ভোলাবাজার এলাকায় মহাসড়কে বেরিকেড দিয়ে একদল বখাটে যুবক বোনকে অপহরণের চেষ্টা করে। এসময় মহাসড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবস্থা বেগতিক হওয়ায় বাসের যাত্রীরা প্রতিরোধ গড়ে তুললে বখাটেরা সটকে পড়েন। ঘটনার সময় বাধা দেওয়ায় তাঁকেও লাঞ্ছিত করে বখাটেরা। মান্দা থানার ওসি শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন