১৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

এসএসসি পরিক্ষার্থীকে আবার হাতুড়িপেটা!

প্রকাশিত: ১২ জুন ২০২২, ১:২৯ পূর্বাহ্ণ | বিভাগ: lead
এসএসসি পরিক্ষার্থীকে আবার হাতুড়িপেটা!
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর রামচন্দ্রপুরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে স্কুল ছাত্রীকে দ্বিতীয়বারের মতো হাতুড়ি দিয়ে পিটানোর অভিযোগ উঠেছে। এতে স্কুলছাত্রী এসএসসি পরিক্ষার্থী বর্ষা খাতুন (১৭) গুরুতর আহত হয়েছেন। গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর পদ্মা পাড়ের বসতীতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহত বর্ষা খাতুন রামেকের ৫০নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনায় আরো আহত হন বর্ষার মা জরিনা বেগম (৪২) ও তার খালা রোজিনা। গুরুত্বর আহত বর্ষা খাদেমুল ইসলাম উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আহত বর্ষার খালা রোজিনা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গেল বছরের ২৯ সেপ্টেম্ব^র একই এলাকার মোহিদুল ইসলাম, তার স্ত্রী নাজমা ও মেয়ে মনিকাসহ আরো কয়েকজন মিলে বর্ষাকে হাতুড়ি দিয়ে শরীরে বিভিন্ন স্থানে এলোপাথাড়ী ভাবে আঘাত করে।

এ ঘটনায় বর্ষা খাতুন দির্ঘদিন রামেকে ভর্তি থেকে চিকিৎসা গ্রহণ শেষে তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যা এখনো চলমান। ঐ ঘটনার পর থেকে বর্ষা এখনো মাথায় সমস্যা নিয়ে ভুগছেন। গত শুক্রবার দুপুর ১২টার দিকে মোহিদুলের স্ত্রী ও মেয়ে বর্ষাদের বাড়িতে এসে পূর্ববর্তী চলমান মামলা তুলে নিতে চাপ দেয়। বর্ষা ও তার পরিবার মামলা তুলে নিতে রাজি না হওয়াতে মনিকার মা ও বাবা মোহিদুল অন্যদের সঙ্গে নিয়ে বর্ষাদের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে বর্ষার মাথার চুল ধরে ব্যাপক মারপিট করে তাকে আহত করে। এক পর্যায়ে বর্ষার চুল ধরে টেনে হিচড়ে রাস্তা নিয়ে যায় এবং হাতে থাকা হাতুরি দিয়ে অভিযুক্ত মোহিদুল বর্ষার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। বর্ষাকে মারধরের পর ঐ এলাকার মেরি নামের এক মহিলার বাড়ির একটি কক্ষে গুরুত্বর আহত বর্ষাতে আটকে রাখে।

পরিস্থিতি খারাপের দিকে গেলে স্থানীয়রা ৯৯৯-এ কল দিয়ে প্রশাসনের সহযোগিতা চায়। পরবর্তীতে পুলিশ গিয়ে আহত ও জ্ঞানহীন বর্ষাকে উদ্ধার করে। বর্ষার মা জরিনা জানান, মেয়েকে বাঁচাতে গেলে মোহিদুল ও তার লোকজন আমার পিঠে কাঠের চলা দিয়ে আঘাত করে। এ সময় আমার বোন রোজিনা আমাকে বাঁচাতে এগিয়ে আসলে তার শরীরের কাপড় ছিড়ে বিবস্ত্র করে তাকেও মারধর করে অভিযুক্তরা। এ ব্যাপারে গত শুক্রবার দুপুরে বর্ষার মা জরিনা বেগম বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে বোয়লিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, বর্ষা খাতুনকে মারপিটের ঘটনায় এজাহার দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন