বাগমারায় একই পরিবারের ৩ সদস্যর আত্মহত্যার চেষ্টা
মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে একই পরিবারের তিন সদস্য আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের শ্রীপুর রামনগর গ্রামে। স্থানীয়রা জানান মোসলেম আলীর ছেলে কাফি হোসেন ভালোবেসে পার্শ্ববর্তী কুতুবপুর গ্রামের সুমি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে কাফি হোসেন মা-বাবার সঙ্গে নিজেদের বাড়িতে থাকছেন। গত শুক্রবার সকাল থেকে বউ-শাশুড়ির কথা কাটাকাটি বাধে। থেমে থেমে প্রায় সারাদিনই চলে উভয়ের মধ্যে ঝগড়া। ঝগড়ার এক পর্যায়ে রাত ১০টার দিকে অভিমান করে পুত্রবধূ সুমি খাতুন (২২) বিষপান করেন। পুত্রবধূর বিষপানের একটু পর শাশুড়ি কাজলী বেগমও (৪২) বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়।
পরে প্রতিবেশীরা রাতেই তাঁদেরকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বউ-শাশুড়ির এমন ঘটনা দেখে শ্বশুর মোসলেম আলীও (৪৫) বাড়ির পাশে আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে লোকজনের দেখতে পাওয়ায় তিনি প্রাণে রক্ষা পান। তবে তাঁকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বউ-শাশুড়ির মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া হয়। শুক্রবার উভয়ের মধ্যে পুনরায় ঝগড়া বাধে এর এক পর্যায়ে রাত ১০টার দিকে পুত্রবধূ সুমি খাতুন বিষপান করেন। সুমিকে অসুস্থ অবস্থায় তাঁর স্বামী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সুমিকে বাঁচাতে সবাই ব্যস্ত থাকা অবস্থায় শাশুড়ি কাজলী বেগমও বিষপান করে অসুস্থ হয়ে পড়েন।
পরে প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বউ-শাশুড়ির পর শ্বশুরকে নিয়ে ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বউ-শাশুড়ির পেটের ভেতর থেকে বিষ বের করা হয়। বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রফিকুল ইসলাম বলেন, বউ-শাশুড়ির পেট থেকে বিষ বের করা হয়েছে। তাঁরা সুস্থ আছেন। শ্বশুরের মারাত্মক সমস্যা দেখা না দেয়ায় তাকে ভর্তি করার প্রয়োজন হয়নি। তবে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বাগমারা থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, একই পরিবারের তিন সদস্য আত্মহত্যার চেষ্টার ঘটনা মৌখিকভাবে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
