রাজশাহীতে গৃহায়ণের প্রকৌশলীর পর তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
স্টাফ রিপোর্টার : জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরীর পর এবার তাঁর স্ত্রী সোমা সাহার (৪৪) বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে মামলাটি দায়ের করা হয়। সোমা সাহার বিরুদ্ধে এক কোটি ১৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আগের দিন সোমবার আয় বহির্ভুত ৫০ লাখ ৪৩ হাজার ৫১৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে সোমার স্বামী পরিমলের বিরুদ্ধে মামলা হয়।
মামলা দুটির বাদী দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। তিনি জানান, পরিমল কুমার কুরীর বিরুদ্ধে দুদক ও মানি লন্ডারিং আইনে মামলা করা হয়েছে। একই আইনে মামলা করা হয়েছে তাঁর স্ত্রী সোমা সাহার বিরুদ্ধেও। মঙ্গলবার মামলাটি দায়েরের পরই পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য নথিপত্র আদালতে পাঠানো হয়েছে। দুদকের এজাহারে বলা হয়েছে, সোমা সাহা একজন গৃহিণী। তার কোন বৈধ আয়ের উৎস নেই। তিনি তাঁর স্বামীর উপর নির্ভরশীল।
সোমা তার স্বামী পরিমল কুমার কুরীর অসাধু উপায়ে অর্জিত অর্থকে বৈধ করার অপচেষ্টার অংশ হিসেবে নিজে এক কোটি ১৯ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেছেন এবং আয়কর নথিতে তা প্রদর্শন করেছেন। এজাহারে আরও বলা হয়, সোমা সাহা অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ এক কোটি ১৯ লাখ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। সম্প্রতি কমিশন তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেয়। এপরই তার বিরুদ্ধে এই মামলা করা হলো।
