আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আবারো গ্রেফতার
বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে আবারও গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। নিম্ন আদালতে জামিন না নেয়ায়, গত সোমবার রাত ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহী জেলা গোয়েন্দা শাখা পুলিশের উপ পরিদর্শক আতিক আহমেদ জানান, মুক্তার আলীর নামে বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিলেও সেটির মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু মুক্তার আলি পরে আর নিম্ন আদালত থেকে জামিন নেননি। সেই পরোয়ানায় সোমবার রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৬ জানুয়ারি আড়ানী পৌরসভা নির্বাচনের সময় নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অভযোগ রয়েছে মুক্তার আলীর বিরুদ্ধে। ওই নির্বাচনে মুক্তার আ’লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকা প্রতীকের প্রার্র্থী শাহিদুজ্জামান শাহিদকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তার বিরুদ্ধে, মারপিট, বোমাবাজি, হামলাসহ বিভিন্ন অভিযোগে রয়েছে। ওই সমস্ত মামলার পর গত বছরের ৬ জুলাই দিবাগত রাত ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত আড়ানী পৌর এলাকার পিয়াদাপাড়া মহল্লায় মেয়র মুক্তারের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
অভিযানে মেয়রের বাড়ি থেকে প্রায় কোটি টাকা, অস্ত্র এবং মাদক উদ্ধার করা হয়। এ সময় মেয়র মুক্তারের স্ত্রী জেসমিন আক্তার (৪০) এবং দুই ভাতিজা সোহান (২৫) ও শান্ত (২৩) কে আটক করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মুক্তার পালিয়ে গেলেও পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় মেয়র পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তিনি দীর্ঘদিন কারাবরণ শেষে উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে তিনি আবারও পদ ফিরে পান এবং পৌরসভার দায়িত্বে বসেন।
